AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Free Legal Aid in India: বিনামূল্যে আইনজীবী পাওয়ার অধিকার নিয়ে কতটা সচেতন মানুষ? কারা পান?

How NALSA Provides Free Legal Aid: আজকের 'YOUR INDIA' কলামে সন্তোষ নায়ার ভারতের সংবিধানে প্রতিশ্রুত বিনামূল্যে আইনি সহায়তার বিষয়টি তুলে ধরেছেন সেলিম নামে এক শ্রমিকের কাল্পনিক কাহিনির মাধ্যমে। ভুল পরিচয়ের কারণে একটি মামলায় গ্রেফতার হন সেলিম। এই লেখায় ব্যাখ্যা করা হয়েছে, কারা বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার যোগ্য, কীভাবে কাজ করে ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি (NALSA) এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা কেন ন্যায়বিচারকে সকলের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Free Legal Aid in India: বিনামূল্যে আইনজীবী পাওয়ার অধিকার নিয়ে কতটা সচেতন মানুষ? কারা পান?
ভারতে কারা বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার যোগ্য? Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 29, 2026 | 5:41 PM
Share

একটি ছোট্ট ধাঁধা দিয়ে শুরু করা যাক। ভারতে এমন একজন আইনজীবী রয়েছেন, যাঁর পারিশ্রমিক আগেই মিটিয়ে দেওয়া হয়েছে। আদালতের এজলাসে যিনি আপনার পাশে বসতে পারেন। যিনি আপনার কাছ থেকে এক টাকাও নেবেন না। অথচ যাঁদের সবচেয়ে বেশি এই আইনজীবীর প্রয়োজন, তাঁদের অধিকাংশই তাঁর অস্তিত্বের কথা জানেন না। প্রশ্ন হল, তাঁর পারিশ্রমিক কে দেয়? আর এই মুহূর্তে তিনি কী করছেন?

চলুন, সেলিম নামে এক ব্যক্তির গল্প দিয়ে শুরু করা যাক। পেশায় দিনমজুর। এক রাতে ভুল পরিচয়ের কারণে তাঁকে তুলে নিয়ে যায় পুলিশ। থানায় নিয়ে গিয়ে এমন একটি কাগজে সই করতে বলা হয়, যে কাগজের ভাষা তিনি বুঝতে পারেন না। কোনও আইনজীবীকে তিনি চেনেন না। পকেটে রয়েছে মাত্র ৪০০ টাকা। তিনি ভীত, ক্ষুধার্ত। আর তাঁর মাথায় ঘুরছে প্রতিবেশীর বলা একটি বাক্য—‘কখনও পুলিশের সঙ্গে তর্কে জড়াবে না।’ আগামী দু’দিনের মধ্যে সেলিমকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে। ম্যাজিস্ট্রেট তাঁকে জিজ্ঞাসা করবেন, তাঁর কোনও আইনজীবী রয়েছেন কি না। কিন্তু সেলিম জানেন না, এই প্রশ্নের উত্তর ইতিমধ্যেই তাঁর পক্ষেই রয়েছে।

ভারতে বিনামূল্যে আইনি সহায়তা: সংবিধানের ২২ ও ৩৯এ অনুচ্ছেদে কী বলা হয়েছে?

সংবিধানের ২২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, গ্রেফতার হওয়া প্রত্যেক ব্যক্তির নিজের পছন্দমতো আইনজীবীর সঙ্গে পরামর্শ করার এবং তাঁর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে। ৩৯এ অনুচ্ছেদে এই অধিকারকে আরও বিস্তৃত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সমান সুযোগের ভিত্তিতে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। বিশেষ করে দারিদ্র্য বা অন্য কোনও প্রতিবন্ধকতার কারণে যাতে কোনও নাগরিক ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, তার জন্য বিনামূল্যে আইনি সহায়তার ব্যবস্থা করতে হবে।

এই সাংবিধানিক প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে ১৯৮৭ সালে সংসদে পাশ হয় লিগ্যাল সার্ভিসেস অথরিটিজ অ্যাক্ট। এই আইনের মাধ্যমে গঠিত হয় ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি বা NALSA। পাশাপাশি এর অধীনে বিভিন্ন স্তরে আইনি সহায়তা প্রদানের জন্য একাধিক কর্তৃপক্ষ ও কমিটি তৈরি করা হয়।

ভারতে কারা বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার যোগ্য?

কারা এই আইনি সহায়তা পাওয়ার অধিকারী? আইনের ১২ নম্বর ধারায় কয়েকটি নির্দিষ্ট শ্রেণির মানুষের কথা উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন—তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মানুষ, মহিলা, শিশু, মানবপাচার বা জোর করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য হওয়ার শিকার ব্যক্তিরা, প্রাকৃতিক বিপর্যয়, বন্যা, ভূমিকম্প কিংবা জাতিগত ও বর্ণগত হিংসার শিকার মানুষ এবং শিল্পক্ষেত্রে কর্মরত শ্রমিকরা। এ ছাড়াও হেফাজতে থাকা ব্যক্তিরা, যার মধ্যে সংশোধনাগার, কিশোর হোম কিংবা মানসিক চিকিৎসাকেন্দ্রে থাকা ব্যক্তিরাও অন্তর্ভুক্ত, বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার যোগ্য।

যাঁদের বার্ষিক আয় সংশ্লিষ্ট রাজ্য সরকারের নির্ধারিত সীমার নীচে, তাঁরাও এই সুবিধা পেতে পারেন। একটি রাজ্যের আইনি পরিষেবা কর্তৃপক্ষের ওয়েবসাইটে এই আয়ের সীমা ৩ লক্ষ টাকা উল্লেখ করা হয়েছে। তবে রাজ্যভেদে এই সীমা আলাদা হতে পারে। যোগ্য ব্যক্তিদের তালিকাটি দীর্ঘ। আর সেই কারণেই এটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে সমাজের বিভিন্ন প্রান্তের মানুষ আইনি সহায়তা পেতে পারেন।

NALSA ও টেলি-ল’ কীভাবে সারা দেশে বিনামূল্যে আইনি সহায়তা পৌঁছে দিচ্ছে?

এবার দেখে নেওয়া যাক, এই ব্যবস্থার পরিকাঠামো কতটা বিস্তৃত। সংসদে কেন্দ্রীয় আইন মন্ত্রকের দেওয়া এক জবাব অনুযায়ী, এই নেটওয়ার্কে রয়েছে সুপ্রিম কোর্টে একটি কমিটি, বিভিন্ন হাই কোর্টে ৩৮টি কমিটি, ৩৭টি রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ, ৭১৫টি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং ২,৪৭৫টি তালুক আইনি পরিষেবা কমিটি। ২০২৫-২৬ অর্থবর্ষে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ১৬ লক্ষ ৬০ হাজার ২৪৯ জন বিনামূল্যে আইনি সহায়তা ও পরামর্শ পেয়েছেন।

এ ছাড়াও রয়েছে ‘টেলি-ল’ (Tele-Law) নামে একটি পরিষেবা। গ্রাম পঞ্চায়েত স্তরে প্রায় ২.৫ লক্ষ কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে এই পরিষেবা পরিচালিত হয়। ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ পর্যন্ত এই ব্যবস্থার মাধ্যমে মামলা আদালতে ওঠার আগেই ১ কোটি ১২ লক্ষেরও বেশি আইনি পরামর্শ দেওয়া হয়েছে।

ফৌজদারি মামলার ক্ষেত্রেও এই পরিষেবার ভূমিকা গুরুত্বপূর্ণ। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২ লক্ষ ৭৬ হাজার ৪৭৬ জন বিচারাধীন বন্দি আইনি প্রতিনিধিত্ব পেয়েছেন। তাঁদের মধ্যে ৫৯ হাজার ৬৩০ জন মুক্তি পেয়েছেন।

বিচারাধীন বন্দিদের কাছে বিনামূল্যে আইনি প্রতিনিধিত্বের গুরুত্ব কতটা?

শেষের এই দুটি সংখ্যার দিকে একটু মনোযোগ দেওয়া যাক। প্রায় ৬০ হাজার মানুষ একজন আইনজীবীর সহায়তা পাওয়ার পর মুক্তি পেয়েছেন। এই পরিসংখ্যান থেকে অবশ্য বলা যায় না, তাঁদের মধ্যে কতজন নির্দোষ ছিলেন কিংবা কতজন এমনিতেই মুক্তি পেতেন। এমন দাবি করাও ঠিক হবে না। তবে এটুকু বলা যায়, তাঁদের পাশে একজন আইনজীবীর উপস্থিতি পরিস্থিতি বদলে দিয়েছিল। কারণ, অন্তত এমন একজনের কথা শোনার সুযোগ তৈরি হয়েছিল, যিনি মামলার দুই পক্ষের বক্তব্যই বিবেচনা করতে পেরেছেন।

কেন বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার যোগ্য হয়েও অনেক ভারতীয় এ বিষয়ে জানেন না?

১৬ লক্ষ মানুষের বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার সংখ্যাটি একদিকে বড়, অন্যদিকে ছোটও। বড় এই কারণে যে, এই পরিসংখ্যান প্রমাণ করে, ব্যবস্থাটি লক্ষ লক্ষ মানুষের কাজে আসছে। আবার ছোট এই কারণে যে, ভারতের জনসংখ্যা ১৪০ কোটিরও বেশি। আর আইনি সমস্যাও আমাদের সমাজে নিত্যদিনের ঘটনা। জমি নিয়ে বিবাদ, পারিবারিক অশান্তি, কাজ করেও মজুরি না পাওয়া কিংবা ঋণদাতার হুমকি—এমন সমস্যার মুখোমুখি হন বহু মানুষ।

আইনে যাঁদের বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার যোগ্য বলে উল্লেখ করা হয়েছে, তাঁদের মধ্যেও অনেকেই কখনও কোনও আইনি সহায়তা প্রদানকারী আইনজীবীর সঙ্গে দেখা করেননি। এমনকী, তাঁরা যে বিনামূল্যে এই পরিষেবা পাওয়ার অধিকারী, সে কথাও জানেন না। যে আইনজীবীর পারিশ্রমিক আগেই দেওয়া রয়েছে, তিনি তখনই সাহায্য করতে পারবেন, যখন প্রয়োজনীয় মানুষটি তাঁর কাছে পৌঁছতে পারবেন।

আইনি সচেতনতা শিবির কীভাবে ন্যায়বিচার পাওয়ার পথ সহজ করে?

এই গল্পের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিকটি এখানেই। অধিকার অনেকটা সেতুর মতো। সেটি মজবুত হতে পারে, সুন্দরভাবে তৈরি হতে পারে, সকলের জন্য খোলাও থাকতে পারে। কিন্তু কেউ যদি না জানেন যে সেখানে একটি সেতু রয়েছে, তা হলে সেই সেতু দিয়ে কেউ পারাপার করতে পারবেন না।

আইনি সহায়তার কাজের একটা বড় অংশ আদালতের বাইরেই হয়। বিভিন্ন শিবিরে, গ্রামে-গঞ্জে সাধারণ মানুষকে সহজ ভাষায় বোঝানো হয়, তাঁরা কী কী আইনি সুবিধা পাওয়ার অধিকারী এবং প্রয়োজনে কী চাইতে পারেন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ৪ লক্ষ ৯১ হাজার ৯৯০টি আইনি সচেতনতা কর্মসূচি ও শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে অংশ নিয়েছেন ৪ কোটি ৪ লক্ষেরও বেশি মানুষ।

কোনও মামলা আদালতে পৌঁছনোর আগেই ন্যায়বিচারের যে কাজ শুরু হয়, এটাই তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

পুলিশের হেফাজতে থাকা একজন সাধারণ নাগরিকের কাছে আইনজীবীর উপস্থিতির অর্থ কী?

সেলিমের গল্পের শেষটা হাজার হাজার মানুষের বাস্তব অভিজ্ঞতার মতোই। আইনি সহায়তা প্রদানকারী এক আইনজীবী জানতে পারলেন, সেলিম থানায় রয়েছেন। তিনি সেখানে পৌঁছে সেলিমের পাশে বসলেন। তারপর এমন একটি প্রশ্ন করলেন, যা সারা রাত কেউ তাঁকে করেননি—‘আপনার নিজের ভাষায় বলুন, ঠিক কী ঘটেছিল?’ এরপর যা-ই ঘটুক না কেন, অন্তত সেই রাতটা আর সেলিমকে একা কাটাতে হল না। তাঁকে আর একা একটি কাগজের মুখোমুখি হতে হল না।

আগামিকাল যদি আপনার কিংবা আপনার প্রতিবেশীর একজন আইনজীবীর প্রয়োজন হয়, অথচ তাঁকে পারিশ্রমিক দেওয়ার সামর্থ্য না থাকে, তা হলে আপনি কি জানবেন কোথায় যেতে হবে? আপনার প্রতিবেশীই বা কি সেই পথের সন্ধান জানেন?

সূত্র: ভারতের সংবিধানের ২২ ও ৩৯এ অনুচ্ছেদ; লিগ্যাল সার্ভিসেস অথরিটিজ অ্যাক্ট, ১৯৮৭ (১২ নম্বর ধারা); কেন্দ্রীয় আইন মন্ত্রকের লোকসভায় দেওয়া জবাব, ANI-র প্রতিবেদন (১৩ মার্চ ২০২৬)। ওই পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ১৬ লক্ষ ৬০ হাজার ২৪৯ জন বিনামূল্যে আইনি সহায়তা ও পরামর্শ পেয়েছেন। টেলি-ল’ পরিষেবার মাধ্যমে ১ কোটি ১২ লক্ষেরও বেশি আইনি পরামর্শ দেওয়া হয়েছে। NALSA-র নেটওয়ার্কের পরিকাঠামো, ২ লক্ষ ৭৬ হাজার ৪৭৬ জন বিচারাধীন বন্দিকে আইনি প্রতিনিধিত্ব প্রদান এবং ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৫৯ হাজার ৬৩০ জনের মুক্তির তথ্যও এই সূত্রে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ৪ লক্ষ ৯১ হাজার ৯৯০টি সচেতনতা কর্মসূচিতে ৪ কোটি ৪ লক্ষেরও বেশি মানুষের অংশগ্রহণের তথ্য রয়েছে। বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার যোগ্য ব্যক্তিদের শ্রেণি সম্পর্কে NALSA-র ‘What is Legal Aid’ বিভাগ থেকে তথ্য নেওয়া হয়েছে। ৩ লক্ষ টাকা আয়ের সীমাটি একটি রাজ্যের আইনি পরিষেবা কর্তৃপক্ষের ওয়েবসাইটে উল্লিখিত; রাজ্যভেদে এই সীমা আলাদা।

বিশেষ দ্রষ্টব্য: সেলিমের গল্পটি কাল্পনিক, কিন্তু পরিসংখ্যানগুলি বাস্তব।

Follow Us