
নয়া দিল্লি: সংসদের বাদল অধিবেশন শেষ। এই অধিবেশনে ভাগ্য নির্ধারণ হল না এনসিপিআই (NCPI) সাংসদদের। এবার তাদের বিরুদ্ধে বড় পদক্ষেপ করতে চলেছে কালীঘাট তৃণমূল (TMC)। সূত্রের খবর, আগামী ৭-১০ দিনের মধ্যে ২০ জন এনসিপিআই সাংসদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে কালীঘাট তৃণমূল কংগ্রেস।
সূত্র মারফত জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস থেকে বিদ্রোহ করে বেরিয়ে যাওয়া ২০ জন সাংসদ, যারা এখন এনসিপিআই-তে যোগ দিয়েছেন, তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এক সপ্তাহের মধ্যেই সুপ্রিম কোর্টে যেতে পারে কালীঘাট তৃণমূল। তাদের বিরুদ্ধে মামলা করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির।
ইতিমধ্যেই সংসদে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গেও দেখা করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার জন্য ২০ জন সাংসদের বিরুদ্ধে ২০টি চিঠি দিয়েছিল কালীঘাট তৃণমূল। গত জুন মাসে চিঠি দেওয়া হয়েছিল। তারপর জুলাই মাসে স্পিকারের সঙ্গে দেখা করেন অভিষেক। তারপরও এনসিপিআই সাংসদদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে এনডিএ-র বৈঠক থেকে শুরু করে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ- সবেতেই ডাক পাচ্ছে এনসিপিআই-র ২০ জন সাংসদ।
সুপ্রিম কোর্টেরও নির্দেশ ছিল, তিন মাসের মধ্য়ে এনসিপিআই নিয়ে বিবেচনা করতে হবে। ইতিমধ্যেই দুই মাস পার করে গিয়েছে। এবার তাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে কালীঘাট তৃণমূল।