TV9 Festival of India 2026: মহাষ্টমীতে ঢাকের বাদ্যি, ধুনুচি নাচ আর ডান্ডিয়ার তালে মাতল দিল্লি, জমজমাট TV9 ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া

TV9 Festival of India 2026 Mahashtami Celebration: মহাষ্টমীর দিন সকাল ৯টা নাগাদ অষ্টমী বিহিত পুজো ও পুষ্পাঞ্জলির মাধ্যমে শুরু হয় দিনের অনুষ্ঠান। সকাল থেকেই দেবী দুর্গার আরাধনায় মেতে ওঠেন ভক্তরা। দুপুরে মায়ের উদ্দেশে ভোগ নিবেদন করা হয়। আয়োজন করা হয় চণ্ডীপাঠেরও। এরপর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

TV9 Festival of India 2026: মহাষ্টমীতে ঢাকের বাদ্যি, ধুনুচি নাচ আর ডান্ডিয়ার তালে মাতল দিল্লি, জমজমাট TV9 ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া
টিভি৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াImage Credit source: Tv9 Bangla

Oct 19, 2026 | 12:52 PM

নয়া দিল্লি: একদিকে ঢাকের বাদ্যি, ধুনুচি নাচ আর মায়ের আরাধনা। অন্যদিকে ডান্ডিয়া নাইটে মেতে উঠলেন আট থেকে আশি। মহাষ্টমীতে উৎসবের রঙে রঙিন হয়ে উঠল দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম। সেখানেই চলছে টিভি৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া। ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া পাঁচ দিনের এই উৎসবের তৃতীয় দিনে ছিল ভক্তি, সংস্কৃতি ও বিনোদনের মেলবন্ধন। মহাষ্টমী উপলক্ষে সকাল থেকেই দেবী দুর্গার দর্শন ও আশীর্বাদ নিতে ভিড় জমান অসংখ্য দর্শনার্থী। পুজো-অর্চনা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, সব মিলিয়ে জমজমাট হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ।

মহাষ্টমীতে পুষ্পাঞ্জলি, চণ্ডীপাঠ ও মহাআরতি

মহাষ্টমীর দিন সকাল ৯টা নাগাদ অষ্টমী বিহিত পুজো ও পুষ্পাঞ্জলির মাধ্যমে শুরু হয় দিনের অনুষ্ঠান। সকাল থেকেই দেবী দুর্গার আরাধনায় মেতে ওঠেন ভক্তরা। দুপুরে মায়ের উদ্দেশে ভোগ নিবেদন করা হয়। আয়োজন করা হয় চণ্ডীপাঠেরও। এরপর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মহাষ্টমীর বিশেষ মহাআরতি। ঢাকের তালে ধুনুচি নাচ উৎসবের পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে। মায়ের আরাধনায় মেতে ওঠেন উপস্থিত দর্শনার্থীরা।

এদিন টিভি৯ বাংলা ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া -তে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাজীব শুক্লা এবং বিজেপি নেতা সতীশ উপাধ্যায়ও। দু’জনেই দেবী দুর্গার দর্শন করেন এবং মায়ের আশীর্বাদ নেন।

ডান্ডিয়ার তালে মাতল দিল্লি

শুধু পুজো-অর্চনাই নয়, সন্ধ্যা নামতেই উৎসব প্রাঙ্গণ হয়ে ওঠে জমজমাট। শুরু হয় একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান। বিপি সিংয়ের দুর্দান্ত পরিবেশনায় মেতে ওঠেন সঙ্গীতপ্রেমীরা। অন্যদিকে, নিজের গানের মাধ্যমে দর্শকদের মন জয় করেন শ্রেয়স ধর্মাধিকারী।

এরপর শুরু হয় ডান্ডিয়া রাস। ডিজে শিবলের বিটে নাচে মেতে ওঠেন দিল্লিবাসী। কেউ পরিবারের সঙ্গে, কেউ আবার বন্ধুদের নিয়ে ডান্ডিয়ার তালে পা মেলান। সব মিলিয়ে সঙ্গীত, নাচ আর আনন্দে জমে ওঠে উৎসবের তৃতীয় দিন।

খুদেদের জন্যও বিশেষ আয়োজন

বড়দের পাশাপাশি ছোটদের জন্যও ছিল একাধিক আকর্ষণ। উৎসবের ‘ফেস্টিভ ক্রাফটস অ্যান্ড ক্রিয়েটিভ কর্ণার’-এর অধীনে আয়োজন করা হয় ‘ট্যালেন্ট কা তড়কা’। সেখানে নাচ, গান, মিমিক্রি, স্কিট ও নাটকের মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

অন্যদিকে, ”কিডস ডে আউট’ কর্মসূচির আওতায় বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আয়োজন করা হয় আঁকা, ফ্যান্সি ড্রেস, নাচ ও গানের প্রতিযোগিতা। উৎসাহের সঙ্গে অংশ নেয় খুদেরা। তাদের প্রতিভা দেখে হাততালি দিয়ে উৎসাহ জোগান উপস্থিত দর্শকরা।

দেবী দুর্গার আরাধনার পাশাপাশি ভারতীয় সংস্কৃতি, সঙ্গীত, নৃত্য, হস্তশিল্প ও বিনোদনের এক অনন্য মিলনক্ষেত্র হয়ে উঠেছে টিভি৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া। পরিবারের সঙ্গে সময় কাটানো থেকে শুরু করে কেনাকাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ সব কিছুরই সুযোগ রয়েছে এই উৎসবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us