Dharmendra Pradhan Resignation: যে কোনও পদের থেকে পড়ুয়ারা বেশি গুরুত্বপূর্ণ: অমিত শাহ
Dharmendra Pradhan Resignation: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান যে মোদী সরকার দেশের যুব-ছাত্রদের ভাবাবেগকে সম্মান করে এবং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে প্রয়োজনীয় যাবতীয় পদক্ষেপ করতে দৃঢ়প্রতীজ্ঞ। প্রশ্নপত্র ফাঁসে জড়িত অপরাধীদের কড়া শাস্তি দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, তা সত্যিই প্রশংসনীয়।

নয়া দিল্লি: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan)। তাঁর ইস্তফার পর প্রথম প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বললেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা ভারতীয় জনতা পার্টির আদর্শেই। বিজেপিও মনে করে যে দেশ, দেশের পড়ুয়া ও যুবকদের স্বার্থ কোনও রাজনৈতিক চেয়ারের থেকে বেশি গুরুত্বপূর্ণ।
নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে আন্দোলন হচ্ছিল। ছাত্র আন্দোলনাকারীদের অন্যতম দাবিই ছিল শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। শিক্ষামন্ত্রীও ইস্তফা দেন সেই দাবি মতো। তিনি জানান, দেশের ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং দেশবিরোধী কোনও শক্তি যাতে এই আন্দোলনকে বিপথে চালিত করতে না পারে, তার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
এক্স হ্যান্ডেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “বিজেপি কর্মীদের জন্য আমাদের দেশ, পড়ুয়ারা কোনও পদের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাও সেই নীতিকেই প্রতিফলন করছে।”
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান যে মোদী সরকার দেশের যুব-ছাত্রদের ভাবাবেগকে সম্মান করে এবং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে প্রয়োজনীয় যাবতীয় পদক্ষেপ করতে দৃঢ়প্রতীজ্ঞ। প্রশ্নপত্র ফাঁসে জড়িত অপরাধীদের কড়া শাস্তি দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, তা সত্যিই প্রশংসনীয়।
তিনি জানান যে সরকারের এই প্রস্তাবিত পরিবর্তন পড়ুয়াদের জন্য ন্যায়-বিচার নিশ্চিত করবে, যারা নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়।
ধর্মেন্দ্র প্রধানও গতকাল ইস্তফা দিয়ে জানিয়েছিলেন যে ব্যক্তিগত সম্মানের বিষয় নয় এটা। পড়ুয়াদের ভবিষ্যৎ সবসময় প্রাধান্য পায়। তিনি এই প্রশ্নপত্র ফাঁসের দায় নিয়ে, নিজের পদ থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
