Oman Oil Tanker Attack: মার্কিন রণতরীর হামলা তেলের জাহাজে, ওমান উপকূলে মৃত্যু ৩ ভারতীয় নাবিকের

Indian Sailors Killed in Oman: প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ভারতীয় নৌসেনা গিয়ে ভারতীয় নাবিকদের উদ্ধার করা হয়েছে। পরে জানা যায়, ২১ জন নাবিককে উদ্ধার করা গেলেও, ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবনন্দ চৌরাশিয়া ও চিফ ইঞ্জিনিয়ার পি সুরেশের কোনও খোঁজ পাওয়া যায়নি।  

Oman Oil Tanker Attack: মার্কিন রণতরীর হামলা তেলের জাহাজে, ওমান উপকূলে মৃত্যু ৩ ভারতীয় নাবিকের
পালাউয়ের জাহাজে হামলা।Image Credit source: X

|

Jun 11, 2026 | 1:07 PM

নয়া দিল্লি: ওমানের উপকূলে তেলের জাহাজে (Oil Tanker) মার্কিন সেনার হামলা, মৃত্যু হল তিন ভারতীয় নাবিকের। প্রথমে ওই তিন ভারতীয় নাবিক নিখোঁজ হয়ে গিয়েছেন বলেই মনে করা হয়েছিল। তবে এবার জানা গেল যে তাদের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল (Sarbananda Sonowal) এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দুই নাবিকের দেহ উদ্ধার করা গিয়েছে।

পালাউয়ের পতাকাযুক্ত তেলের ট্যাঙ্কার সেটবেলো (Settebello) ওমানের উপকূল দিয়ে যাচ্ছিল, হরমুজ প্রণালীর কাছে মার্কিন রণতরী সেই জাহাজে হামলা করে। ওই জাহাজে ২৪ জন ভারতীয় ও দুই জন পাকিস্তানি, একজন ইউক্রেনিয়ান ও একজন রাশিয়ান নাগরিক ছিলেন।

প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ভারতীয় নৌসেনা গিয়ে ভারতীয় নাবিকদের উদ্ধার করা হয়েছে। পরে জানা যায়, ২১ জন নাবিককে উদ্ধার করা গেলেও, ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবনন্দ চৌরাশিয়া ও চিফ ইঞ্জিনিয়ার পি সুরেশের কোনও খোঁজ পাওয়া যায়নি।

এ দিন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল বলেন, “পালাউয়ের জাহাজে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। তিনজন ভারতীয় নাবিক, যাদের নিখোঁজ বলে মনে করা হয়েছিল, তাদের মৃত্যুর খবর মিলেছে। দুইজনের দেহ উদ্ধার হয়েছে। নিহত নাবিকদের পরিবারের পাশে মোদী সরকার আছে এবং তাদের সবরকম সাহায্য করতে প্রস্তুত। আমি আধিকারিকদের নির্দেশ দিয়েছি দ্রুত উদ্ধার করা মৃত নাবিকদের দেহ যেন ফিরিয়ে আনা হয় শেষকৃত্যের জন্য।”

ভারতের তরফে জাহাজে হামলার তীব্র নিন্দা করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কম্যান্ড হামলার কারণ ব্যাখ্যা করে বিবৃতিতে জানিয়েছিল যে ওই তেলের ট্যাঙ্কারটি মার্কিন ব্লকেড টপকানোর চেষ্টা করেছিল, তাই সেটিকে প্রতিহত করা হয়েছে। মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন থেকে এফ/এ-১৮ সুপার হর্নেট দিয়েই এই নিখুঁত হামলা চালানো হয়।

Follow Us