Women Bath Recording: কুম্ভে গোপনে রেকর্ড হচ্ছে মহিলাদের স্নানের ভিডিয়ো! টেলিগ্রামে বিকোচ্ছে ৪-৫ হাজারে
Maha Kumbh 2025: পুলিশ ফেসবুক-ইন্সটাগ্রামের মালিক সংস্থা মেটা(Meta)-র কাছেও এই বিষয়ে তথ্য জানার জন্য সাহায্য চেয়েছে। কে অ্যাকাউন্টগুলি থেকে এই ধরনের ছবি ও ভিডিয়ো আপলোড করা হচ্ছে, তা শনাক্তকরণের জন্য সাহায্য চাওয়া হয়েছে।

লখনউ: মহাকুম্ভে পুণ্যস্নান করে পাপ ধুচ্ছেন সকলে। কিন্তু পাপ কি আদৌ ধুচ্ছে? বরং সেখানে গিয়েও আরও পাপ করছেন অনেকে। মহাকুম্ভে স্নান করতে আসা মহিলাদের আপত্তিকর ছবি, ভিডিয়ো তুলে ভাইরাল করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই নিয়ে উত্তর প্রদেশ পুলিশ দুটি সোশ্য়াল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
সম্প্রতিই উত্তর প্রদেশ পুলিশের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের নজরে আসে, কিছু নির্দিষ্ট প্ল্যাটফর্মে মহিলাদের স্নানের ও পোশাক বদলের ছবি আপলোড করা হচ্ছে। এরপরই তা খতিয়ে দেখা যায়, কুম্ভস্নানের একাধিক ছবি ও ভিডিয়োও রয়েছে তাতে। মহিলাদের সম্মানহানিকর এই ভিডিয়োগুলি দেখতে পেয়েই পদক্ষেপ করে পুলিশ। উত্তর প্রদেশ পুলিশের শীর্ষকর্তা প্রশান্ত কুমারের নির্দেশে কোতওয়ালি কুম্ভ মেলা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়। আইনি পদক্ষেপও শুরু হয়েছে। বেশ কিছু ইন্সটাগ্রাম প্রোফাইল চিহ্নিত করা হয়েছে, যেখানে মহিলাদের স্নানের গোপন ভিডিয়ো আপলোড করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে।
পুলিশ ফেসবুক-ইন্সটাগ্রামের মালিক সংস্থা মেটা(Meta)-র কাছেও এই বিষয়ে তথ্য জানার জন্য সাহায্য চেয়েছে। কে অ্যাকাউন্টগুলি থেকে এই ধরনের ছবি ও ভিডিয়ো আপলোড করা হচ্ছে, তা শনাক্তকরণের জন্য সাহায্য চাওয়া হয়েছে।
টেলিগ্রাম চ্যানেলেও কুম্ভে মহিলাদের স্নানের ভিডিয়ো বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। যদিও এর মধ্যে অনেক ভিডিয়োই আবার পুরনো। যে চ্যানেল থেকে এই ধরনের ভিডিয়ো ৩-৪ হাজার টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে, তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ শুরু হয়েছে।

