Vande Bharat Train: চালানো হবে ২৫০টি বন্দে ভারত, পুরো পরিকল্পনার কথা জানালেন রেলমন্ত্রী
Vande Bharat Train: রেলমন্ত্রী উল্লেখ করেছেন ২০২৯ সালের মধ্যে দেশ জুড়ে ২৫০টি বন্দে ভারত চালানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। মন্ত্রী আরও জানিয়েছেন, রেলের টিকিটে ভর্তুকির বোঝা সরকারের ওপর কতটা বেশি।

নয়া দিল্লি: আগামী ২ মাসের মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেনের ট্রায়াল শুরু হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর ট্রায়াল শেষ হওয়ার ৬ মাস পর শুরু হবে সেই ট্রেন চলাচল। মন্ত্রী আরও জানিয়েছেন, রাজধানী এক্সপ্রেসের মতো বেশ কিছু বৈশিষ্ট্য থাকবে বন্দে ভারতে। সেই সঙ্গে মন্ত্রী আরও জানিয়েছেন, ২৫০টি বন্দে ভারত চালানোর পরিকল্পনা করা হয়েছে রেলের তরফে। লক্ষ্যমাত্রা স্থির করে ফেলা হয়েছে।
রেলমন্ত্রী উল্লেখ করেছেন ২০২৯ সালের মধ্যে দেশ জুড়ে ২৫০টি বন্দে ভারত চালানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। মন্ত্রী আরও জানিয়েছেন, রেলের টিকিটে ভর্তুকির বোঝা সরকারের ওপর কতটা বেশি। উদাহরণ দিয়ে তিনি বুঝিয়েছেন, কোনও জিনিসের ১০০ টাকা দাম হলে ১০৫ বা ১১০ টাকায় তা বিক্রি করা হয়, আর রেলের টিকিটের ক্ষেত্রে ১০০ টাকার মধ্যে ৫৫ টাকা সরকার দেয় নিজের পকেট থেকে। আর সেই ভর্তুকির জন্য সরকারের ঘর থেকে যাচ্ছে ৫৯ হাজার টাকা।
উল্লেখ্য, আগামী ২০ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটি বন্দে ভারত ট্রেন উদ্বোধন করবেন। এর মধ্যে একটি চলবে কর্নাটক থেকে, অপরটি চলবে তামিলনাড়ু থেকে। চেন্নাই থেকে ট্রেনের উদ্বোধন করবেন মোদী।
