Vijay TVK: ‘INDIA’-য় যোগ দিল TVK, বিরোধী জোটের রাশ এবার বিজয়ের হাতে?
Vijay's TVK Joins INDIA Bloc: ইন্ডি জোটের বৈঠকে TVK-র আচমকা যোগদান জোটের শরিকদের মধ্যেও আলোচনার বিষয় হয়ে ওঠে। বৈঠক সম্পর্কে ওয়াকিবহাল নেতাদের দাবি, TVK যে বৈঠকে যোগ দেবে, তা আগে থেকে সমস্ত জোট নেতাকে স্পষ্টভাবে জানানো হয়নি।

চেন্নাই: ডিএমকে এবং আপ দূরত্ব বাড়িয়েছে। তখন ইন্ডি জোটে নতুন শরিক। ইন্ডি জোটে যোগ দিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থলপতির দল তামিলাগা ভেত্রি কাজাগম (TVK)। শনিবার চেন্নাইয়ে তামিলনাড়ুর ইন্ডি জোটের দলগুলির বৈঠকে প্রথমবার অংশ নিল বিজয় থলপতির দল। চেন্নাইয়ের সত্যমূর্তি ভবনে এই বৈঠকে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR), নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধী দলগুলির অভিযোগ এবং আন্দোলন ও বুথস্তরে কর্মসূচি নিয়ে আলোচনা হয়। ইন্ডি জোটে TVK-র এই অংশগ্রহণ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
ওই বৈঠকে TVK-র হয়ে উপস্থিত ছিলেন দলের নির্বাচন শাখার সাধারণ সম্পাদক তথা পূর্তমন্ত্রী আধব অর্জুন এবং অর্থমন্ত্রী মারিয়া উইলসন। এর আগে দিল্লিতে ইন্ডি জোটের বৈঠকগুলিতে TVK-কে দেখা যায়নি। বৈঠকে উপস্থিত ছিলেন জোটের অন্যান্য শরিক দলের নেতারাও। তাঁদের মধ্যে ছিলেন MDMK-র সাধারণ সম্পাদক ভাইকো, VCK সভাপতি তথা সাংসদ থোল তিরুমাভালাভান, CPI(M)-এর রাজ্য সম্পাদক পি শানমুগম, CPI-র ন্যাশনাল কাউন্সিল সদস্য জি আর রবীন্দ্রনাথ এবং IUML-এর সাধারণ সম্পাদক KAM মহম্মদ আবুবকর।
কেন ইন্ডি জোটের বৈঠকে TVK?
TVK-র বৈঠকে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করে দলের জাতীয় মুখপাত্র ফেলিক্স জেরাল্ড বলেন, “তামিলনাড়ুতে TVK-র নেতৃত্বে তৈরি সেকুলার সোশ্যাল জাস্টিস ভিক্টরি অ্যালায়েন্সেরই বৃহত্তর রূপ হল ইন্ডি জোট। প্রযুক্তিগতভাবে আমরা সেই জোটের অংশ। সেই কারণেই আজকের বৈঠকে অংশ নিয়েছি।”
TVK-র নেতৃত্বে তৈরি জোটটির আনুষ্ঠানিক নাম ‘সেকুলার সোশ্যাল জাস্টিস ভিক্টরি অ্যালায়েন্স’। এই জোটে রয়েছে কংগ্রেস, VCK, MDMK এবং IUML। সেপ্টেম্বরে জোটের ঘোষণা করা হয়। জোটের নেতা করা হয়েছে বিজয়কে।
BJP-র বিরুদ্ধে TVK ও DMK-কে একসঙ্গে চান CPI নেতা-
বৈঠকে TVK-র অংশগ্রহণ নিয়ে CPI-র তামিলনাড়ু রাজ্য সম্পাদক এম ভীরাপান্ডিয়ানও মন্তব্য করেছেন। তিনি বলেন, BJP-র বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে যারা প্রস্তুত, তাদের সবাইকে স্বাগত জানানো হবে। তাঁর বক্তব্য, TVK এবং DMK—দুই দলেরই একসঙ্গে BJP-র বিরুদ্ধে সরব হওয়া উচিত। এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ, জাতীয় স্তরে ইন্ডি জোটের শরিক দলগুলির সঙ্গে কাজ করলেও তামিলনাড়ুতে নিজেদের পৃথক রাজনৈতিক পরিচয় বজায় রাখার চেষ্টা করছে TVK।
ইন্ডি জোটের বৈঠকে TVK-র আচমকা যোগদান জোটের শরিকদের মধ্যেও আলোচনার বিষয় হয়ে ওঠে। বৈঠক সম্পর্কে ওয়াকিবহাল নেতাদের দাবি, TVK যে বৈঠকে যোগ দেবে, তা আগে থেকে সমস্ত জোট নেতাকে স্পষ্টভাবে জানানো হয়নি। শনিবার সকালে তামিলনাড়ু কংগ্রেস কমিটির সভাপতি বি মানিক্কম ঠাকোরও সোশ্যাল মিডিয়ায় ইন্ডি জোটের বৈঠকের কথা জানিয়েছিলেন। অন্য শরিক দলের নেতাদের উপস্থিতির কথাও তিনি উল্লেখ করেছিলেন। তবে সেখানে TVK-র নাম ছিল না। ফলে পরে TVK-র বৈঠকে যোগদানকে তাৎক্ষণিক এবং শেষ মুহূর্তের সিদ্ধান্ত হিসেবেই দেখা হচ্ছে।
ইন্ডি জোটের সঙ্গে TVK-র সম্পর্ক কোন পথে?
TVK-র এই অংশগ্রহণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ বিজয়ের দল আগে জানিয়েছিল, জাতীয় স্তরে তারা আনুষ্ঠানিকভাবে ইন্ডি জোটের অংশ নয়। সেপ্টেম্বরে TVK-র নেতৃত্বাধীন জোটের আনুষ্ঠানিক নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছিল, বিজয়ের দল কি ইন্ডি জোটে যোগ দেবে? সেই সময় TVK নেতারা জানিয়েছিলেন, তাঁদের কোনও সাংসদ নেই। তাই সংসদীয় INDIA ব্লকের অংশ নয় তাঁদের দল।
এরই মধ্যে বিজয়কে প্রধানমন্ত্রী করার দাবিতে প্রচারও শুরু হয়েছিল। এবার ইন্ডি জোটের বৈঠকে TVK-র অংশগ্রহণ তামিলনাড়ুর রাজনৈতিক সমীকরণকে নতুন মাত্রা দিয়েছে। ইন্ডি জোটে বিজয়ই এবার ছড়ি ঘোরাবেন কি না, সেই প্রশ্ন উঠছে।
