Water Metro: শ্রীনগর যাবেন? ট্রেন বা ফ্লাইট নয়, এবার ওয়াটার মেট্রোতেই পৌঁছে যাবেন পছন্দের শহরে
Water Metro in 18 Cities: কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেখানেই তিনি জানিয়েছেন, সরকার পর্যায়ক্রমে একাধিক শহরে ওয়াটার মেট্রো ব্যবস্থা চালু করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। দু'টি পর্যায়ে কাজ হবে। কোন পর্যায়ে কোন কোন শহরে ওয়াটার মেট্রো চালু হতে পারে, দেখে নিন একনজরে

নয়া দিল্লি : পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করতে তৎপর কেন্দ্রীয় সরকার। এতদিন কেরলের কোচিতে চালু ছিল ‘ওয়াটার মেট্রো’। এবার শুধু কেরল নয়, দেশের মোট ১৮টি শহরে ওয়াটার মেট্রো চালু করার চিন্তা-ভাবনা করছে কেন্দ্রীয় সরকার। দু’টি ফেজ়ে কাজ করার চিন্তা-ভাবনা করা হচ্ছে। কেন্দ্র জানিয়েছে, এই ওয়াটার মেট্রোর মাধ্যমে কম খরচে যাতায়াত করতে পারবেন। ওয়াটার মেট্রো হলে যানজটও কমবে।
কোন কোন শহরে ওয়াটার মেট্রো ?
কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেখানেই তিনি জানিয়েছেন, সরকার পর্যায়ক্রমে একাধিক শহরে ওয়াটার মেট্রো ব্যবস্থা চালু করার জন্য পরিকল্পনা নিয়েছে। প্রথম পর্যায়ে ওয়াটার মেট্রো পরিষেবায় রাখা হয়েছে গুয়াহাটি, শ্রীনগর, পটনা, বারাণসী, অযোধ্যা এবং প্রয়াগরাজ সহ একাধিক শহর। সেক্ষেত্রে খুব সহজেই বারাণসী থেকে শ্রীনগর যেতে পারবেন । দ্বিতীয় পর্যায়ে অসম, তেজপুর এবং ডিব্রুগড়ে ওয়াটার মেট্রোর প্রস্তাব দেওয়া হয়েছে।
কলকাতাতেও কি ওয়াটার মেট্রো?
বিগত তৃণমূল সরকার গঙ্গায় ‘ওয়াটার মেট্রো’ চালু করতে উদ্যোগী হয়েছিল। কোচির ওয়াটার মেট্রো প্রকল্পের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকেরও কথা ছিল কলকাতা পুরসভার। কিন্তু আদৌ সেই বৈঠক হয়েছিল কিনা জানা যায়নি। সেক্ষেত্রে, ১৮টি শহরের মধ্যে কলকাতাও রয়েছে কি না তা এখনও পর্যন্ত জানা যায়নি।
ওয়াটার মেট্রো নিয়ে কেন্দ্র
সরকারি সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পে মূলত ইলেকট্রিক ও হাইব্রিড ফেরি ব্যবহার করা হবে। ফলে দূষণ কমবে, পাশাপাশি শহরের যানজটও অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। কেন্দ্রের দাবি, প্রচলিত মেট্রো প্রকল্পের তুলনায় ওয়াটার মেট্রো অনেক কম খরচসাপেক্ষ, কারণ এতে নদী ও জলপথই ব্যবহার করা হবে।
ইতিমধ্যেই ১৮টি শহরের সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে কোচি মেট্রো রেল লিমিটেডকে। অধিকাংশ শহরের সমীক্ষা শেষ হয়েছে বলেও জানা গিয়েছে।
