Leander Paes : লিয়েন্ডারের মুখে মধুসূদনের কবিতা, বাংলায় কী ভিডিয়ো বার্তা দিলেন প্রাক্তন টেনিস তারকা

WB Assembly Election 2026 : সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন লিয়েন্ডার পেজ়। ভিডিয়োর শুরুতে বাংলাতেই কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। বাংলার মাটিতে তাঁর যে স্মৃতি রয়েছে, তা ভিডিয়োতে উল্লেখ করেছেন লিয়েন্ডার। বাঙালি হিসেবে নিজের পরিচয় দিয়েছেন। শুরুতেই মধুসূদন দত্তের বাণী তুলে ধরেন, বলেন, "কেলিনু শৈবালে, ভুলি কমল-কানন। মাইকেল মধুসূদন দত্তের এই অমোঘ বাণী আজ যেন নতুন করে অনুভব করলাম। আমি একজন গর্বিত বাঙালি।"

Leander Paes : লিয়েন্ডারের মুখে মধুসূদনের কবিতা, বাংলায় কী ভিডিয়ো বার্তা দিলেন প্রাক্তন টেনিস তারকা
লিয়েন্ডার পেজ়Image Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Apr 02, 2026 | 10:46 AM

কলকাতা : বাংলার ভোটের আগে দলবদল করেছেন লিয়েন্ডার পেজ়। তৃণমূলে ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন টেনিস তারকা। বাংলার সঙ্গে লিয়েন্ডার পেজ়ের আত্মিক যোগ কতটা তা মনে করিয়ে দিয়েছিলেন সুকান্ত মজুমদার। এবার বাংলায় বার্তা দিয়ে নিজেকে আরও একবার বাংলার সন্তান, মাটির ছেলে বলে দাবি করলেন লিয়েন্ডার। তিনি আরও জানান, নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন লিয়েন্ডার পেজ়। ভিডিয়োর শুরুতে বাংলাতেই কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। বাংলার মাটিতে তাঁর যে স্মৃতি রয়েছে, তা ভিডিয়োতে উল্লেখ করেছেন লিয়েন্ডার। বাঙালি হিসেবে নিজের পরিচয় দিয়েছেন। শুরুতেই মধুসূদন দত্তের বঙ্গভাষা নামে একটি কবিতার লাইন তুলে ধরেন, বলেন, “কেলিনু শৈবালে, ভুলি কমল-কানন। মাইকেল মধুসূদন দত্তের এই অমোঘ বাণী আজ যেন নতুন করে অনুভব করলাম। আমি একজন গর্বিত বাঙালি। আমার মা জ়েনিফার পেজ় একজন বাঙালি। আমার বাবা ভেস পেজ় একজন খ্রিস্টান ছিলেন। আমি একজন মাটির ছেলে।” উল্লেখ্য, মধুসূদন দত্তের সঙ্গে লিয়েন্ডর পেজ়ের মায়ের পারিবারিক যোগ রয়েছে বলে জানা গিয়েছে।

জন্ম থেকে স্কুল, কলকাতাতেই শৈশব কাটিয়েছেন লিয়েন্ডার পেজ়। তিনি বলেন, “আমার জন্ম কলকাতাতেই। প্রথম জীবনে লা মার্টিনিয়রে পড়াশোনা করি। টেনিসের প্রশিক্ষণ নিয়েছি সাউথ ক্লাব থেকে। আর আমার বাবা মোহনবাগানের হয়ে হকি খেলেছিলেন। সেখান থেকেই মানুষের জন্য, দেশের জন্য খেলার স্পিরিট পেয়েছি। তারপর আমি ১৯৮৬ সালে মাদ্রাজে যাই। সেখানেই কলেজে পড়াশোনা করি ও টেনিসের প্রশিক্ষণ নিয়েছি।”

বুধবারই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন লিয়েন্ডার পেজ়। ভিডিয়ো বার্তায় নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বলেন, “এটা আমার সৌভাগ্য যে শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কাজ করার সুযোগ পাচ্ছি। তিনি যে সুযোগ দিয়েছেন, তার জন্য মোদীজির প্রতি কৃতজ্ঞতা।” ভারতের জন্য, ভারতের যুবদের জন্য কাজ করার বিষয়ে লিয়েন্ডার পেজ় বলেন, “আমি বিশ্বাস করি, এটাই সঠিক সময় যে আমার মতো মানুষ এবার মানুষের জন্য কাজ করবে। যুবদের শক্তি বৃদ্ধি করে তাদের জন্য নতুন সুযোগ তৈরি করতে হবে। আমি অনুভব করছি, এটাই সঠিক সময় ভারতকে শক্তিশালী হিসেবে গড়ে তোলার।”

দু’দিন আগেই বিজেপিতে যোগ দিয়ে লিয়েন্ডার বলেছিলেন, “১৯৮৬-তে যখন বাংলায় টেনিস খেলেছি, তখন না ছিল আলো, না ছিল কোনও পরিকাঠামো। এখন পরিস্থিতির বদল হয়েছে ঠিকই, তবে বাংলা আরও এগোতে পারে।” মহিলাদের খেলাধূলার উপর জোর দেওয়ার কথাও বলেছিলেন প্রাক্তন টেনিস তারকা।

Follow Us