Free Bus Travel for Women: মহিলাদের ফ্রি-তে বাস যাত্রা নিয়ে বড় আপডেট, ১ অগস্ট থেকে এই কার্ড দেখাতেই হবে…
Pink Sahayogi Smart Card: এই কার্ডটি হবে ন্যাশনাল কমন মোবিলিটি কার্ডের মতো। এতে উপভোক্তা মহিলার ছবি ও ইউনিক আইডি থাকবে। দেখতে হবে মেট্রো কার্ডের মতো। এতে উপভেক্তার আধার ও মোবাইল নম্বরও লিঙ্ক থাকবে তাদের বয়স, লিঙ্গ ও দিল্লিতে বসবাস করেন কি না, তা যাচাই করতে।

নয়া দিল্লি: মহিলাদের জন্য নিখরচায় সরকারি বাসে যাতায়াতের (Free Bus Travel for Women) ব্যবস্থা করেছে সরকার। মহিলারা এই প্রকল্পে উপকৃতও হচ্ছেন অনেক। তবে আর বিনা নথিতে ফ্রি-তে সরকারি বাসে যাতায়াত করা যাবে না। ১ অগস্ট থেকে আসছে নতুন নিয়ম। কী করতে হবে?
পশ্চিমবঙ্গে যেমন মহিলাদের জন্য বাসে ফ্রি-তে যাতায়াত চালু করা হয়েছে, আগে থেকেই দিল্লিতে বিজেপি সরকার এই প্রকল্প চালু করেছিল। এবার দিল্লির মহিলা যাত্রীদের জন্য এল বড় আপডেট। ১ অগস্ট থেকে সরকারি বাস অর্থাৎ দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে চড়তে মহিলাদের দেখাতে হবে স্মার্ট কার্ড। এর নাম পিঙ্ক সহযোগী স্মার্ট কার্ড (Pink Sahayogi Smart Card)।
বর্তমানে বাসে মহিলা যাত্রীদের যে গোলাপি রঙের জিরো টিকিট দেওয়া হত, সেই পিঙ্ক টিকিট আর দেওয়া হবে না। ডিটিসি-র সার্কুলার অনুযায়ী, আগামী ৩১ জুলাই পর্যন্ত বৈধ মহিলা যাত্রীদের পিঙ্ক টিকিট দিয়ে নিখরচায় যাতায়াতের সুবিধা দেওয়া হবে। ১ অগস্ট থেকে সরকারি বাসে যাতায়াতের জন্য পিঙ্ক সহযোগী স্মার্ট কার্ড দেখাতে হবে, তবেই ফ্রি-তে যাতায়াত করা যাবে।
কেমন হবে পিঙ্ক সহযোগী স্মার্ট কার্ড?
গত মার্চ মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্য সরকারি একটি অনুষ্ঠানে এই কার্ড প্রথম উদ্বোধন করেন। এই কার্ড দিয়ে দিল্লিবাসী মহিলা ও রূপান্তরকামীরা সরকারি বাসে নিখরচায় যাতায়াত করতে পারবেন।
এই কার্ডটি হবে ন্যাশনাল কমন মোবিলিটি কার্ডের মতো। এতে উপভোক্তা মহিলার ছবি ও ইউনিক আইডি থাকবে। দেখতে হবে মেট্রো কার্ডের মতো। এতে উপভেক্তার আধার ও মোবাইল নম্বরও লিঙ্ক থাকবে তাদের বয়স, লিঙ্গ ও দিল্লিতে বসবাস করেন কি না, তা যাচাই করতে।
ওয়ান নেশন, ওয়ান কার্ডের উদ্যোগে এই কার্ড ভবিষ্যতে দিল্লি মেট্রো ও রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেমে যাতায়াতের জন্য়ও ব্যবহার করা যাবে।
কীভাবে কাজ করবে পিঙ্ক সহযোগী স্মার্ট কার্ড?
যখনই ডিটিসি-র বাসে বা দিল্লি ইন্ট্রিগ্রেটেজ মাল্টি মডেল ট্রানজিট সিস্টেম অপারেটেড বাসে উঠবেন মহিলা যাত্রীরা, তাদের দরজার সামনে থাকা যন্ত্রে এই কার্ড ট্যাপ করতে বা ছোঁয়াতে হবে। তাহলেই তারা ফ্রি-তে যাতায়াত করতে পারবেন। যাদের কাছে এই স্মার্ট কার্ড থাকবে না, তাদের আর আলাদা করে পিঙ্ক টিকিট দেওয়া হবে না। আসল মূল্য দিয়েই তাদের টিকিট কাটতে হবে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গেও দিল্লির আদলেই স্মার্ট কার্ড চালু করা হবে খুব শীঘ্রই। সরকারি বাসে নিখরচায় যাতায়াত করার জন্য মহিলাদের ওই কার্ড তৈরি করতে হবে। বর্তমানে আধার কার্ড বা ভোটার কার্ডের মতো পরিচয়পত্র দেখিয়েই সরকারি বাসে ফ্রি-তে ভ্রমণ করতে পারছেন মহিলারা।
