Calcutta High Court: ‘সময় চাই’, অভিষেকের অফিস ভাঙার মামলায় বলল রাজ্য, শুনানি শুরুই হল না এখনও
Abhishek Banerjee Party Office Vandalized: অভিষেকের মামলায় রাজ্যের কোনও আইনজীবী প্রথমে উপস্থিত না থাকায় শুনানি শুরু করা যায়নি। বিচারপতি রাজা বসু চৌধুরী জানান, রাজ্যকে আরেকবার নোটিস জারি করা হোক। এর আগে মামলার শুনানির বিজ্ঞপ্তি জারি হয়নি। কিছু ক্ষণ আগে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারকেও মামলার কপি দিতে বলেছেন বিচারপতি।

কলকাতা: আমতলায় অফিসে (Amtala Party Office Bulldozer) বুলডোজ়ার-কাণ্ডে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বেলা ১২টায় জরুরি ভিত্তিতে শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি রাজা বসু চৌধুরীর (Justice Raja Basu Chowdhury) এজলাসে। কিন্তু, নির্ধারিত সময়ে শুনানি শুরু করা যায়নি। আদালতে রাজ্যের কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে রাজ্যের আইনজীবী ভার্চুয়াল হাজির হন এজলাসে। মামলায় সওয়াল করার জন্য আরও সময় চান তিনি। বিচারপতিও জানান, রাজ্যের বক্তব্য ছাড়া শুনানি সম্ভব নয়। দুপুর দেড়টায় ফের শুনানির সময় ধার্য করা হয়েছে।
অভিষেকের আমতলা পার্টি অফিসে বুলডোজ়ার
আমতলায় অভিষেকের অফিস বেআইনিভাবে তৈরি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। শনিবারই সেই পার্টি অফিসের একাংশ বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়। শাবল দিয়ে ভেঙে দেওয়া হয় ডিজি লকার। রবিবারও বুলডোজ়ারও পৌঁছে গিয়েছে ওই পার্টি অফিসের সামনে। এদিকে, পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় রবিবারই দ্রুত শুনানির আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। সেইমতো, আজ বেলা ১২টা নাগাদ বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে শুনানি স্থির হয়।
কী জানাল হাইকোর্ট?
তবে, রাজ্যের কোনও আইনজীবী প্রথমে উপস্থিত না থাকায় শুনানি শুরু করা যায়নি। বিচারপতি রাজা বসু চৌধুরী জানান, রাজ্যকে আরেকবার নোটিস জারি করা হোক। এর আগে মামলার শুনানির বিজ্ঞপ্তি জারি হয়নি। কিছু ক্ষণ আগে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই অবস্থায় রাজ্যকে আরেক বার মামলার কপি দেওয়া হোক। রাজ্যের বক্তব্য ছাড়া শুনানি সম্ভব নয়। এছাড়া, কেন্দ্রীয় সরকারকেও মামলার কপি দিতে বলেছেন বিচারপতি।
এরপরই রাজ্যের আইনজীবী নীলাঞ্জন ভট্টাচার্য ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত হন। তিনি জানান, মামলায় সওয়াল করার জন্য সময় দেওয়া হোক। জেলাশাসকের কাছে বিষয়টি সম্পর্কে জানতে হবে। বিচারপতি জানান, দুপুর দেড়টায় আবার এজলাস বসবে। ওই সময় শুনানি হবে।
অভিষেক কী জানিয়েছে?
আমতলার পার্টি অফিস বেআইনিভাবে তৈরি নয়, স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবারই পার্টি অফিসটির প্রসঙ্গে বলতে গিয়ে অভিষেক বলেন, “যদি সর্বশক্তিমান ঈশ্বরের দয়ায় বেঁচে থাকি, যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় ৩১ ফিরিয়ে দেব সুদ সমেত। কথা দিয়ে গেলাম।” তৃণমূল সাংসদের অভিযোগ সুরে বলেন, ” এর পিছনে বিজেপি নেতারই রয়েছেন। প্রত্যক্ষ বা পরোক্ষ মদত রয়েছে। তাঁদের প্রত্যক্ষদর্শী হিসাবে নিয়ে যাওয়া হচ্ছে। এখন যদি ভিতরে কিছু প্লান্ট করে দেওয়া হয় তার দায় কার?”
