Abhishek Banerjee: ‘বাংলায় হেরেছি, কারণ সুপ্রিম কোর্টের উপর ভরসা করেছিলাম’, শোকজের পর আরও বিস্ফোরক অভিষেক

Abhishek Banerjee On SC: বিচারপতিদের প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে এবার ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, তাঁর ওই মন্তব্য ফৌজদারি আদালত অবমাননার শামিল। এই ঘটনায় কেন তাঁকে সাজা দেওয়া হবে না, তা জানতে চেয়ে আগামী ১৫ দিনের মধ্যে সাংসদকে জবাব তলব করেছে উচ্চ আদালত।

Abhishek Banerjee: বাংলায় হেরেছি, কারণ সুপ্রিম কোর্টের উপর ভরসা করেছিলাম, শোকজের পর আরও বিস্ফোরক অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ Image Credit source: Tv9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 17, 2026 | 6:13 PM

কলকাতা: কলকাতা হাইকোর্টের কড়া পর্যবেক্ষণ ও শোকজের পরেও নিজের বক্তব্য থেকে সরলেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে ফের একবার সরব হলেন তিনি। বরং আরও এক ধাপ এগিয়ে অভিষেক বলেন, “আমরা বাংলায় হেরেছি, তার কারণ সুপ্রিম কোর্টের উপর ভরসা করেছিলাম।”

অভিষেক বলেন, “কোনওদিন বিচারব্যবস্থা বিজেপির বিরুদ্ধে কনটেম্পট প্রসেডিং করেনি। আমি এখনও বলছি, বিচারব্যবস্থার একাংশ এদের কাছে নতিস্বীকার করেছে। আমার বিরুদ্ধে এফআইআর হলে কোর্ট প্রসেডিংস করে না।”

এরপরই অভিষেক বলেন, “আমরা বাংলায় হেরেছি, তার কারণ সুপ্রিম কোর্টের উপর ভরসা করেছিলাম। সুপ্রিম কোর্ট যে নির্দেশ বা গাইডলাইনগুলো দিয়েছিল, নির্বাচন কমিশন মানেনি। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কনটেম্পট প্রসেডিং হয় না। কোনও নোটিস ইস্যু হয়নি। আর আমি কিছু করলে, চার দিনের মধ্যে নোটিস ইস্যু হয়ে যায়। এটাই প্রমাণ করে বিচারব্যবস্থা নিউট্রাল নয়।”

বিচারপতিদের প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে এদিন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী,
তাঁর ওই মন্তব্য ফৌজদারি আদালত অবমাননার শামিল। এই ঘটনায় কেন তাঁকে সাজা দেওয়া হবে না, তা জানতে চেয়ে আগামী ১৫ দিনের মধ্যে সাংসদকে জবাব তলব করেছে উচ্চ আদালত।

আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিচারবিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর এই মন্তব্য নিয়ে আগেই এজলাসে তীব্র উষ্মাপ্রকাশ করেছিল আদালত। গত বৃহস্পতিবার এই প্রসঙ্গে বিচারপতি কৃষ্ণ রাও মন্তব্য করেছিলেন, কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে রয়েছেন, অভিষেক তার তালিকা দিন। এরপর মঙ্গলবার বিচারপতি রাও পর্যবেক্ষণে জানান, সাংসদের ওই বক্তব্য সরাসরি ফৌজদারি আদালত অবমাননার আওতায় পড়ে। সেই কারণেই তাঁকে কারণ দর্শানোর (শো-কজ) নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নিজের নিরাপত্তা কমিয়ে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার সেই মামলার শুনানি চলাকালীনই এজলাসে সাংসদের বিতর্কিত সাক্ষাৎকারের প্রসঙ্গটি উঠে আসে। শুনানি পর্বে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য আদালতে অভিষেকের ওই সাক্ষাৎকারের বিষয়টি উল্লেখ করেন এবং দাবি করেন যে, সাংসদের এই বক্তব্য আদালত অবমাননার শামিল। এর পরিপ্রেক্ষিতেই এবার কড়া আইনি পদক্ষেপ করল হাইকোর্ট।

Loading...
Unable to load recommendations.
Follow Us