
কলকাতা: বাঁ চোখের ঠিক নিচে স্পষ্ট একটা গভীর ক্ষতচিহ্ন। ছবিটা বেশ জুম করে তোলা। আমেরিকা থেকে নিজের চোখের ছবি পোষ্ট করলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই ছবির নিচেই ইংরেজিতে লেখা চারটে লাইন! যার মর্মার্থ, “আমার মুখের এই দাগ প্রমাণ করে আমি এক কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি। কিন্তু আমার চোখ বলছে, লড়াইয়ে আমি হার মানিনি—আমি এগিয়ে যেতে প্রস্তুত, অনেক কিছু করা এখনও বাকি।”
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে বর্তমানে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল। সহজ ভাষায় বলতে গেলে, তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন—অতীতের যন্ত্রণা বা শারীরিক আঘাত যাই থাকুক না কেন, রাজনৈতিক ময়দানে তিনি এখনও শেষ হয়ে যাননি, বরং আরও বড় লড়াইয়ের জন্য পুরোপুরি তৈরি।
চোখের চিকিৎসার জন্য অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে চর্চা কম হয়নি। প্রথমে কলকাতা হাইকোর্ট তাঁকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনুমতি দেয়নি। পরে জল গড়ায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট অনুমতি দেয়, সঙ্গে অভিষেকের ওপর চাপিয়ে দেয় একাধিক শর্ত। অভিষেক বিদেশে কোথায় থাকবেন, তাঁর সফরসূচি, চিকিৎসক-হাসপাতালের নাম কী, থাকার জায়গা, এমনকি কোন বিমানে যাচ্ছেন, তার বিস্তারিত তথ্য তদন্তকারী সংস্থাকে জানিয়ে যেতে হবে। আদালতের নির্দেশ মতো তাঁকে তিন সপ্তাহের মধ্যেই চিকিৎসা করিয়ে দেশে ফিরতে হবে। উল্লেখ্য, ২০১৬ সালে একটি পথ দুর্ঘটনায় অভিষেকের চোখে গুরুতর আঘাত লেগেছিল। তার পর থেকে দেশে এবং বিদেশে একাধিকবার তাঁর চোখের চিকিৎসা হয়েছে।