
কলকাতা: শিশু অভিনেত্রী থেকে নায়িকা। দুই দশকের বেশি তিনি টলিউড়ে দাপিয়ে বেড়াচ্ছেন। সেই শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবার দ্বারস্থ হলেন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিয়ো, ছবি ব্যবহার করে অশ্লীল মন্তব্য করার অভিযোগ জানিয়েছেন। সম্মানহানিরও অভিযোগ করেন অভিনেত্রী। একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি।
সম্প্রতি একটি অনুষ্ঠানে শ্রাবন্তীর নাচ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সাইবার ক্রাইম শাখায় দায়ের অভিযোগে অভিনেত্রী জানিয়েছেন, ‘Manchu Dada New’ নামে একটি ফেসবুক পেজে তাঁর ছবি ও ভিডিয়ো পোস্ট করা হচ্ছে। ইন্টারনেট থেকে তাঁর ভিডিয়ো ও ছবি নিয়ে ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। আর সেই পোস্টে অশ্লীল ও বডি শেমিং মন্তব্য করা হচ্ছে। এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের জন্য আবেদন জানিয়েছেন অভিনেত্রী।
সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হওয়া নিয়ে টিভি৯ বাংলাকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেন, “সম্প্রতি একটি অনুষ্ঠানে আমার পারফর্ম করা নিয়ে লোকে ভুলভাল কমেন্ট করছে। আমি কেন ওজন বাড়িয়েছি, তা না জেনেই উল্টোপাল্টা কমেন্ট করা হচ্ছে। তাই, আমি অভিযোগ জানিয়েছি। আমার ঠাকুরমার ঝুলি সিনেমায় চরিত্রের জন্য কিছুটা ওজন বাড়াতে হয়েছে। ওই শুটিংয়ের সময়ই ওই অনুষ্ঠানে পারফর্ম করার অফার আসে। আমার আইনজীবীর সঙ্গে কথা বলেই পদক্ষেপ করেছি। এখন দেখার, সাইবার ক্রাইম শাখা কী করে। তবে একটা জিনিস বুঝলাম, নিজের লড়াই নিজেকেই করতে হয়।”
অভিনেত্রীর উল্লেখ করা ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে দেখা গেল, একটি অনুষ্ঠানে শ্রাবন্তীর নাচের ভিডিয়ো পোস্ট করে বেশ কিছু মন্তব্য করা হয়েছে। অভিনেত্রীকে কটাক্ষ করে ওই অ্যাকাউন্ট ব্যবহারকারী বলেন, “টলিউড ইন্ডাস্ট্রির নায়ক-নায়িকারা নাচ-গান করতে পারেন না। কারণ, টাকা কম পায়। টাকা যেদিন বাড়বে সেদিন সব বদলে যাবে।”
সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় ট্রোলের শিকার হন বিনোদন জগতের সঙ্গে যুক্ত লোকজন। সম্প্রতি গায়িকা ইমন চক্রবর্তীকে নিয়েও একাধিক মন্তব্য করা হয় সোশ্যাল মিডিয়ায়। তার জেরে তিনি সোশ্যাল মিডিয়া ছাড়ার কথা জানান তিনি। এবার অভিনেত্রী শ্রাবন্তী দ্বারস্থ হলেন সাইবার ক্রাইম শাখার।