
নয়া দিল্লি: ফলতার পুলিশ পর্যবেক্ষক IPS অজয় পাল শর্মাকে নিয়ে একটি বিতর্কিত ভিডিয়ো পোস্ট। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এবার তাঁর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের হল থানায়। অভিযোগ, মহুয়া মৈত্র AI ব্যবহার করে আইপিএস অজয় পাল শর্মার বিতর্কিত ভিডিয়ো তৈরি করেছেন। এই মর্মে অভিষেক দুবে নামে বিজেপি যুব মোর্চার এক নেতা দিল্লির মন্দিরমার্গ থানায় অভিযোগ দায়ের করেছেন।
প্রসঙ্গত, ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির সামনে গিয়ে তাঁর হুঁশিয়ারি দিয়ে আসার ভিডিয়ো ইতিমধ্যেই চর্চিত। এরপরই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বেশ কিছু ভিডিয়ো পোস্ট করেন নিজের এক্স হ্যান্ডেলে। সেই ভিডিয়ো IPS-কে ট্যাগও করেন। তাতে তিনি লিখেছেন, “আশা করি আপনার পুলিশি দক্ষতা, নাচের দক্ষতার চেয়ে ভালো।”
মহুয়ার পোস্ট করা ভিডিয়োতে দেখা যায়, স্বল্পবাসনাদের সঙ্গে ছন্দে মেলাচ্ছেন এক ব্যক্তি। সেই পোস্ট IPS অজয় পাল শর্মাকে ট্যাগও করেন মহুয়া। কিন্তু এবার অভিযোগ, সেই ছবি AI দিয়ে বানানো হয়েছে। মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।
এদিকে, আবার অজয় পাল শর্মার বিরুদ্ধে হাইকোর্টেও নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে মামলা হয়েছে। আরও একটি মামলা হয়েছে সুপ্রিম কোর্টেও। ফলতার প্রার্থীর বাড়িতে গিয়ে হুঁশিয়ারি দেওয়ায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।