Air Pollution: ঘুসুরি থেকে যাদবপুর, নিঃশ্বাস নিলেই বিষ! দিল্লির মতোই গ্যাস চেম্বার হচ্ছে বাংলা-ও?
West Bengal Air Pollution: কালীপুজোয় বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই কড়া নিয়ম জারি করেছে রাজ্য সরকার। বাজি ফাটানোর জন্য রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। বাজি বিক্রি নিয়েও একাধিক নিয়ম-শর্ত জারি করা হয়েছে।

কলকাতা: দিল্লির পথে রাজ্য। বাংলার দূষণেও ‘লাল’ দাগ। কালীপুজোর আগেই বাতাসে মিশছে বিষ। বাজি ফাটা শুরু হতেই বাড়ছে বায়ুদূষণ (Air Pollution)। তাহলে কি ধীরে ধীরে দিল্লির পথেই হাঁটছে পশ্চিমবঙ্গও? কলকাতাও এবার গ্যাস চেম্বারে পরিণত হবে?
কালীপুজোয় বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই কড়া নিয়ম জারি করেছে রাজ্য সরকার। বাজি ফাটানোর জন্য রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। বাজি বিক্রি নিয়েও একাধিক নিয়ম-শর্ত জারি করা হয়েছে।
এত কিছুর পরও দীপাবলির আগেই বাংলার বাতাসে মিশল বিষ। কালীপুজোর আগেই লাগাতার বাজি ফাটায় দূষণ মাত্রাছাড়া হারে বাড়ল। সহনমাত্রা পার করে গেল সূক্ষ ধূলিকণা পিএম ২.৫ (PM 2.5)।
কোথায় কত দূষণ?
- হাওড়ার ঘুসুরির বাতাসে PM 2.5-এর সর্বোচ্চ মাত্রা ছিল ৩৯৭।
- যাদবপুরের বাতাসে PM 2.5-এর সর্বোচ্চ মাত্রা ৩১৫।
- সল্টলেকের বাতাসেও বিষ। সেখানে PM 2.5-এর সর্বোচ্চ মাত্রা ৩০৬।
আগামী দু’দিনে দূষণ আরও বাড়ার আশঙ্কা, কারণ এই দু’দিন বাজি পোড়ানো হবে। এখনই যদি ৩০০ পার করে দূষিত কণার মাত্রা, তাহলে দীপাবলিতে তা ৪০০ পার করা অসম্ভব নয়। এমনটাই মত বিশেষজ্ঞদের। তারা জানিয়েছেন, বাতাসে জলীয় বাষ্প বাড়লে, দূষণ আরও বাড়বে।
প্রসঙ্গত, দিল্লিতে প্রতি বছরের মতো এই বছরও দীপাবলির আগেই দূষণ চরম সীমায় পৌঁছেছে। আজ, ৭ নভেম্বর সকাল ১০টা নাগাদ দিল্লিতে বাতাসের গুণমান মাত্রা ৫২৫ পার করেছে। ইতিমধ্যেই গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান-৩ কার্যকর করা হয়েছে।
