
কলকাতা: পুজোর আবহে বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। প্রথম সপ্তমীতেই কলকাতায় পা রাখছেন তিনি। রবিবার একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। বেলুড় মঠে যাবেন। পাশাপাশি শহরের একাধিক পুজো মণ্ডপ পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে। এছাড়া, ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়ির পুজোও দেখতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ইতিমধ্যেই শোভাবাজার রাজবাড়িতে প্রস্তুতি তুঙ্গে।
শনিবার সন্ধ্যায় আহমেদাবাদ থেকে বিমানে কলকাতায় পৌঁছনোর কথা অমিত শাহের। আলিপুরের সৌজন্য অতিথিশালায় রাত্রিবাস করবেন তিনি। রবিবার সকাল থেকেই রয়েছে একগুচ্ছ কর্মসূচি। বেলুড় মঠে যাওয়ার পাশাপাশি শোভাবাজার রাজবাড়ি ও শ্রীভূমির দুর্গাপুজো পরিদর্শন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
চলতি বছর ২৭০তম বর্ষে পদার্পণ করেছে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো। প্রাচীন রীতি ও ঐতিহ্য মেনেই চলছে দেবী দুর্গার আরাধনা। সপ্তমীর সকাল থেকে রাজবাড়িতে পুজোর ব্যস্ততা তুঙ্গে। চলছে অঞ্জলি, পুজোপাঠ। প্রথা মেনে হচ্ছে চালকুমড়ো বলিও। আজ সাধারণ দর্শনার্থীদের রাজবাড়ির প্রাঙ্গণে প্রবেশ করে প্রতিমা দর্শনের সুযোগ দেওয়া হচ্ছে।
তবে রবিবারের ছবিটা হতে চলেছে কিছুটা আলাদা। কারণ, রাজবাড়ির পুজো দেখতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁদের আগমন ঘিরে রাজবাড়িতে খুশির হাওয়া। একই সঙ্গে চলছে জোরকদমে প্রস্তুতি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সফর ঘিরে শোভাবাজার রাজবাড়ির নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হচ্ছে। রবিবার রাজবাড়ির প্রাঙ্গণে কড়া পুলিশি নজরদারি থাকবে। ভিভিআইপিদের নিরাপত্তার কথা মাথায় রেখেই নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা।
শোভাবাজার রাজপরিবারের সদস্য দেবরাজ মিত্র বলেন, “সব নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কীভাবে ওঁকে অভ্যর্থনা দেব, সব প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। আমরা খুব খুশি। শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকছেন।” অন্যদিকে, দেবরাজ মিত্রের স্ত্রী জানান, এটা তাঁদের কাছে খুব বড় পাওনা যে স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন তাঁদের পুজো দেখতে।