
কলকাতা: ক্ষোভ যেন বাঁধ মানছে না। স্বপন বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেনের পর এবার সেই তালিকায় নতুন সংযোজন তন্ময় ঘোষ। তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগমের চেয়ারম্যান তন্ময় ঘোষ। রাখঢাক না রেখে প্রকাশ্য়েই করলেন ক্ষোভ প্রকাশ। স্পষ্টই বললেন, প্রত্যাশা ছিল। তা ভেঙে গিয়েছে। প্রসঙ্গত, লোকসভা ভোটের টিকিট না পেয়ে ইতিমধ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন সাংসদ শান্তুন সেন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়েরা। ক্ষোভ প্রকাশ করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দেযোপাধ্যায় ওরফে বাবুন। যা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোরের মধ্যেই এবার তন্ময়ের কথা নিয়েও শুরু জোর চর্চা।
তন্ময় ঘোষ বলছেন, বাম রাজনীতি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছিলাম বৃহত্তর সংসদীয় গণতন্ত্রে যোগ দেব বলে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের নির্দেশে পূর্ব মেদিনীপুরের সংগঠনের হাল ধরেছিলাম। যে সময় পূর্ব মেদিনীপুরের সংগঠনের হাল ধরেছিলাম সেই সময় শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর সংগঠনের হাল ছিন্নভিন্ন। সেই অবস্থা থেকে টানা পূর্ব মেদিনীপুরের মাটিতে পড়ে থেকে বুথ স্তর থেকে সংগঠন করেছি। বারবার অভিষেক এবং নেত্রী আমাকে সংগঠনিক বিস্তৃতির ক্ষেত্রে যে দায়িত্ব এবং ক্ষমতা দিয়েছিলেন সেখান থেকে প্রত্যাশা তৈরি হওয়াটা স্বাভাবিক।
মনে করাচ্ছেন, আইপ্যাক থেকে শুরু করে দলের একাধিক সমীক্ষার কথা। তন্ময় বলছেন, সবেতেই এলাকার মানুষ আমার কথা বলেছিলেন। তারপরে প্রত্যাশা তৈরি হয়নি বললে মিথ্যা কথা বলা হবে। তবে আমি এত সহজে হাল ছাড়ব না। চাকরি ছেড়ে রাজনীতি করতে এসছি অনেক দূরের কথা ভেবে। যদিও তাঁর দাবি, শান্তনু সেন, বাবুনদের ক্ষোভের প্রেক্ষিত আলাদা। তিনি ক্ষোভ প্রকাশ করছেন না। তবে প্রত্যাশা ভঙ্গ যে হয়েছে সেটা একদম ঠিক।