
কলকাতা: সকাল সকাল আইনজীবীদের পোশাক পরে হাইকোর্টে পৌঁছে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে দাঁড়িয়ে সওয়াল করেন তিনি। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে শুধু সওয়াল নয়, প্রমাণ হিসেবে ছবিও তুলে ধরেন মমতা। রাজ্যের মানুষের সুরক্ষার জন্য আর্জিও জানান। কিন্তু প্রশ্ন উঠেছে, আইনজীবী হিসেবে সওয়াল করার এক্তিয়ার আদৌ মমতার আছে? এবার খোঁজ নিতে শুরু করল বার কাউন্সিল অব ইন্ডিয়া।
মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উল্লেখ করেেন যে তিনি একজন আইনজীবী, বার কাউন্সিলের সদস্য হিসেবে তিনি চাইলে প্র্যাকটিসও করতে পারেন। বিধানসভা নির্বাচনের আগে এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করতে গেলেও, সেই সময় আইনজীবী হিসেবে সওয়াল করেননি তিনি। আর বৃহস্পতিবার দেখা যায়, তাঁর গায়ে আইনজীবীর পোশাক। সওয়াল করার আগেই তিনি জানিয়ে দেন ১৯৮৫ সালে আইনজীবী হিসেবে বার কাউন্সিলে এনরোল করেছেন তিনি।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে সওয়াল করার পর পশ্চিমবঙ্গের বার কাউন্সিলে চিঠি দিল বার কাউন্সিল অব ইন্ডিয়া। প্র্যাকটিস করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈধ এনরোলমেন্ট আছে কি না, কবে সাসপেন্ড করা হয়েছে, কবে রিজাম্পসান হয়েছে, সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছে। দুদিনের মধ্যে সব তথ্য জানাতে হবে।
মুখ্যমন্ত্রী পদ চলে যাওয়ার পর কীভাবে হঠাৎ সওয়াল করলেন, প্রশ্ন উঠেছে আইনজীবীদের একাংশের মধ্যে। আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, “কোনও আইনজীবীর কোনও পদ চলে গেলে, অথবা বিচারপতি হয়ে গেলে আইনজীবী হিসেবে কিছুদিনের অব্যহতি চান। পরবর্তী সময়ে তিনি নতুন করে ফের প্র্যাক্টিস করতে চাইলে, তাঁকে Resumption of practice-এর শংসাপত্র নিতে হয় বার কাউন্সিলের কাছ থেকে।”
আইনজীবী আরও বলেন, “মুখ্যমন্ত্রী হিসেবে গত ৭ মে পর্যন্ত কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আজ মামলা করেছেন আইনজীবী হিসেবে। এটা কীভাবে করা যায়? বার কাউন্সিলের কাছে অনুমতি নিতে হত। আদৌ সেটা তিনি করেননি।” তবে একাংশ আইনজীবীর বক্তব্য, এই অনুমতি না নিলেও চলে, এই সংক্রান্ত নির্দিষ্ট অর্ডারও আছে।