
কলকাতা: ‘তৃণমূলে ফেরা ২০০ শতাংশ ভুল ছিল’, ফুলবদলের আগে অকপট স্বীকারোক্তি অর্জুন সিংয়ের। আবার বিজেপিতে ফেরার পথে ব্য়ারাকপুরের বিদায়ি সাংসদ অর্জুন সিং। আগামিকালই আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে ফেরার কথা ব্যারাকপুরের বাহুবলির। তৃণমূলের থেকে এবার তিনি ভোটের টিকিট পাননি। তারপরই মোহভঙ্গ। বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে বৃহস্পতিবারই দিল্লির উদ্দেশে রওনা দিলেন অর্জুন। বিজেপিতে ফেরার সিদ্ধান্তের কথা আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি।
ফুলবদলের যাত্রার আগে বিমানবন্দর থেকে আবারও বলে গেলেন, ‘বিজেপিতে যাচ্ছি। বিজেপিতেই ছিলাম, আবার বিজেপিতে চলে যাচ্ছি। দিল্লিতে গিয়ে পার্টির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করব।’ একইসঙ্গে অর্জুন এও বললেন, ‘তৃণমূলে ফেরা ২০০ শতাংশ ভুল ছিল। আমি মনে করি, একটা রাজনৈতিক ভুল করেছিলাম। সেই ভুল যাতে আর জীবনে না করতে পারি, ঠাকুরের কাছে সেই প্রার্থণা করি।’
প্রসঙ্গত, ব্যারাকপুর থেকে এবার পার্থ ভৌমিককে প্রার্থী করেছে তৃণমূল। ব্রিগেডের জনগর্জনের মঞ্চ থেকে ব্য়ারাকপুর লোকসভা কেন্দ্রের লড়াইয়ের জন্য রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে বেছে নেওয়া হয়েছে। আর তারপর থেকেই কার্যত পার্থ ভৌমিককেই নিশানা করে যাচ্ছেন অর্জুন সিং। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার আগে আবারও পার্থ ভৌমিককে একহাত নিলেন অর্জুন।
যদিও পার্থ ভৌমিক শুরু থেকেই বলে যাচ্ছেন, অর্জুন সিং প্রার্থী না হতে পারার ঘটনায় তাঁর কিছু করার নেই। যা সিদ্ধান্ত নেওয়ার তা দল এবং দলের শীর্ষ নেতৃত্বই নিয়েছে। এদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও সম্প্রতি জানিয়ে দিয়েছেন, অর্জুন বিজেপিরই সাংসদ। আর এসবের মধ্যেই ফের বিজেপিতে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন অর্জুন সিং। সবকিছু ঠিকঠাক থাকলে আগামিকাল (শুক্রবারই) বিজেপিতে আনুষ্ঠানিকভাবে ফিরতে পারেন, সূত্র মারফত এমনই জানা যাচ্ছে।