
কলকাতা: আজ, রবিবার বিকাল চারটেয় রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা। কিন্তু তার আগেই রাজ্য পুলিশে বড় রদবদল করল নবান্ন। সূত্রের খবর, ২৭ জন ইন্সপেক্টর ও ১২ থানার আইসি-কে বদলি করা হয়েছে।ডায়মন্ড হারবার পুলিশ জেলায় বেশ কয়েকজন ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে। পাশাপাশি বিধাননগর পুলিশ কমিশনারেট, বারাকপুর পুলিশ কমিশনারাট, চন্দননগর পুলিশ কমিশনারেটের বেশ কয়েকটি থানার আইসি-কে বদলি করা হয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকজন ইন্সপেক্টর বদল করা হয়েছে।
ঠিক নির্বাচন ঘোষণার দিন কয়েক ঘণ্টা আগেই রাজ্য পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, যত দ্রুত সম্ভব, নতুন পোস্টিংয়ে যোগ দিতে হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি, দুই মেদিনীপুর, বিধাননগর, দক্ষিণ দিনাজপুর, হুগলি-সহ বিভিন্ন জেলায় পুলিশ প্রশাসনের ভিতরে ২৭টি রদবদল ঘটেছে। স্বাভাবিকভাবেই এই বিষয়টা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে।
বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “নির্বাচন কমিশন যাতে আর না বদল করতে পারে, সে কারণে ওরা আগেই বদল করে দিয়েছে। এই খেলা আগেই ধরে ফেলেছি। কিন্তু এমন কথা কোথাও লেখা নেই, যে তাঁকে আর নির্বাচন কমিশন বদল করতে পারবে না। তাদের হিস্ট্রি, ট্র্যাক রেকর্ড নেওয়া হচ্ছে। প্রয়োজনে কমিশন সেগুলো খতিয়ে দেখবে।”
প্রসঙ্গত, সপ্তাহ তিনেক আগেই রাজ্য পুলিশে বদল করেছে নবান্ন। রাজ্যের চার আইপিএস অফিসারকে বদলি করা হয়। আলিপুরদুয়ার, বসিরহাট, জঙ্গিপুরের পুলিশ সুপার এবং পশ্চিমবঙ্গ গোয়েন্দা বিভাগের আইবি, সিনিয়র সুপারকে বদলি করা হয়। সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর রাজ্যে জারি হয়ে যায় আদর্শ আচরণবিধি।