Rain Forecast: স্বস্তির বৃষ্টি কবে? তীব্র গরমের মধ্যেই বড় সুখবর হাওয়া অফিসের
Rain Forecast: বর্তমানে দক্ষিণবঙ্গের একাধিক জেলা পুড়ছে তীব্র দাবদাহে। ইতিমধ্যেই মেদিনীপুর সহ একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ সর্তকতা। মেদিনীপুরে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি।

কলকাতা: গরমের তীব্রতায় দক্ষিণবঙ্গ জুড়ে হলুদ সতর্কতা। সপ্তাহের শেষে তাপপ্রবাহের দাপট আরও বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শনি-রবি রাজ্যের ১০ জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। ৪২ ডিগ্রিতেও পৌঁছতে পারে বাঁকুড়া-পুরুলিয়ার পারদ। শুক্রবার ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে কলকাতার তাপমাত্রা। তবে এরই মধ্যে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। রবিবার গোটা রাজ্যেই থাকছে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা। রবিবার দুপুরের পর হতে পারে স্বস্তির বৃষ্টি। আগামী সপ্তাহের শুরুতেই কমতে পারে গরম।
বর্তমানে দক্ষিণবঙ্গের একাধিক জেলা পুড়ছে তীব্র দাবদাহে। ইতিমধ্যেই মেদিনীপুর সহ একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ সর্তকতা। মেদিনীপুরে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। একই ছবি বাঁকুড়া, পুরুলিয়ার ক্ষেত্রেও। মোটের উপর পশ্চিমের সব জেলাতেই হু হু করে চড়ছে তাপমাত্রা। ইতিমধ্যেই বাঁকুড়ায় তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। প্রবল তাপপ্রবাহে পুড়ছে বাঁকুড়া। গত তিনদিন ধরে জেলার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশে। বেলা বাড়তেই শুরু হচ্ছে গরম হাওয়ার দাপট। প্রভাব পড়ছে মানুষের জীবন ও জীবিকায়।
চলতি বছর মার্চের শেষ থেকেই বাঁকুড়ায় উঠতে শুরু করে তাপমাত্রার পারদ। ৩১ মার্চ তা ৪০ ডিগ্রির গণ্ডি পার করে যায়। ১ এপ্রিল ও ২ এপ্রিল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৪০ ডিগ্রি ও ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে শুরু হয়েছে প্রবল তাপপ্রবাহও। গরমে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। যাত্রীবাহী বাস থেকে টোটো সর্বত্রই যাত্রী সংখ্যা হাতে গোনা। তবে শনিবার রাতের পর থেকে ধীরে ধীরে বদলাতে পারে পরিস্থিতি। কলকাতার পাশাপাশি রবিবার দুপুরের পর থেকে স্বস্তির বৃষ্টির দেখা মিলতে পারে দক্ষিণঙ্গের সব জেলাতেই। বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলি। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে।
