
কলকাতা: জামিন পেতেই রাকেশ সিংকে প্রার্থী করল বিজেপি। কলকাতা বন্দরে তৃণমূলের ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিজেপির ‘তাস’ এবার রাকেশ সিং। বৃহস্পতিবার সকালে বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়, কলকাতা কেন্দ্রে রাকেশ সিংকে প্রার্থী করা হল। আর রাকেশের নাম ঘোষণার সাথেই অফিসিয়ালি বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা শেষ হল। উল্লেখ্য, বিজেপির সব জায়গায় প্রার্থী ঘোষণা করে দিলেও বন্দর কেন্দ্র ফাঁকা রাখা ছিল।
খিদিরপুরে যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, বহু দোকান পুড়ে খাক হয়ে গিয়েছিল, সেদিন ঘটনাস্থলে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেদিন শুভেন্দুর পাশে দেখা গিয়েছিল রাকেশ সিংকে। তখন বাংলায় নির্বাচনী হাওয়া লাগেনি। সে সময়েই শুভেন্দু রাকেশকে পাশে দাঁড় করিয়ে বলে গিয়েছিলেন, রাকেশই হবে এই বন্দর এলাকার প্রতিনিধি।
প্রত্যাশা মতোই রাকেশ সিংকে প্রার্থী করল বিজেপি। স্বাভাবিকভাবেই এই বিষয়টিকে নিয়ে আসরে নেমে গিয়েছে তৃণমূল। কারণ রাকেশ সিংয়ের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। কিন্তু এই বিষয়টাকে পাত্তা দিতে নারাজ বিজেপি। কারণ বিজেপি নেতৃত্বের মতে, বন্দর এলাকায় যদি কেউ লড়াই দিতে পারেন, তিনি রাকেশ। রাকেশ বন্দর এলাকার প্রতিটি ওলিগলি চেনেন। বন্দর এলাকা তাঁর হাতের মুঠোয়। পাশাপাশি রাকেশের ভোটে লড়ার অভিজ্ঞতাও রয়েছে।
গত বছর অগাস্ট মাসের শেষে কলকাতার বিধান ভবনে হামলার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। অভিযোগ ছিল যে, তাঁর নেতৃত্বে একদল সমর্থক সেখানে ভাঙচুর চালায় এবং রাহুল গান্ধীর পোস্টার বিকৃত করে। ৫ দিন পলাতক থাকার পর কলকাতার ট্যাংরা এলাকার একটি বেসরকারি আবাস থেকে ধরা পড়েন রাকেশ। পুলিশ তাঁর ফোনের সিগন্যাল ট্র্যাক করে তাঁকে খুঁজে পায়। মঙ্গলবার তাঁর জামিন হয়।