
কলকাতা: রাজ্য়ে উপনির্বাচন আসন্ন। নন্দীগ্রাম আর রেজিনগরে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সেই ভোটকে সামনে রেখে কয়েকদিন আগেই সংখ্যালঘুদের বন্ধুত্বের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর এবার সেই ভোটের ৪৮ ঘণ্টা আগে মুসলিমদের বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
মুখ্যমন্ত্রী রেজিনগরে ভোট প্রচারে গিয়ে বলেছিলেন, “আমার সংখ্যালঘু ভাইবোনেরা মুখ ঘুরিয়ে থাকবেন? কোনও লাভ হবে। এই তো সুযোগ বন্ধুত্ব করার। এর থেকে ভালো সুযোগ আর পাবেন না। সবার কল্যাণের জন্য কাজ করব। আমাদের প্রধানমন্ত্রী সবার জন্য কাজ করে, মুখ্যমন্ত্রীও সবার জন্য কাজ করবে।” উপ নির্বাচনের আগে এই বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনীতিকরা।
দিলীপ ঘোষ এদিন বার্তা দেন, দেশের উন্নয়ন যখন বিজেপির হাতে, তখন সেই স্রোতেই থাকতে হবে সংখ্যালঘুদেরও। রাজ্যের মন্ত্রী বলেন, “দেশের উন্নতির লাভ আপনারা নিন। শিক্ষা, স্বাস্থ্যের সুবিধা নিন। চাকরি করুক, ব্যবসা করুক। আজ যেখানে ক্রিমিনাল সেখানেই সংখ্যালঘু। কোর্ট-কাছারিতে সংখ্যালঘু,থানায় সংখ্যালঘু। বিজেপি চায় তারা মূল স্রোতে আসুক, উন্নয়নে সুবিধা নিক।”
২০২৬-এর বিধানসভা নির্বাচনে ১৪৬টি সংখ্যালঘু আসনের মধ্যে ৬৭টিতে বিজেপি ও ৭৩টিতে বিজেপি এগিয়ে ছিল। আর যে দুই আসনে উপ নির্বাচন আছে, তার মধ্যে রেজিনগরে ৬৫ শতাংশ ও নন্দীগ্রামে ২৬ শতাংশ সংখ্যালঘু ভোটার রয়েছে।
বিজেপির এই বার্তা প্রসঙ্গে মমতা তৃণমূলের নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, “আগে যারা চ্যাংদোলা করে ফেলে দেওয়ার কথা বলেছিলেন, তারা হাত জড় করে বলেছিলেন ভোট চাই না, তারা ভোটের আগে এসব কথা বলছেন। তাহলে আগে যা বলেছিলেন, তার জন্য ক্ষমা চান।”