Samik on BJP Win: ‘হঠাৎ বাড়ি সামনে দেখি পাইলট কার, আমায় স্যালুট করছে’, বিজেপি যে জিতেছে তা এখনও ভাবতেই পারছেন না শমীক

Samik Bhattacharya: বিজেপির রাজ্য সভাপতির কথায়, এখন কার্যত তিনি তারকাদের মতো সুবিধা পাচ্ছেন। শমীক বললেন, "হঠাৎ দেখলাম একটা পাইলট কার বাড়ির সামনে। একজন স্যালুট দিল। আমি তো ব্যাপারটা বুঝতে পারিনি। আমার তো এত এগুলো প্রয়োজন হয়নি। স্কুটিতে চড়ে ঘুরতাম। আমি তো কোনও দিন নিরাপত্তা নিইনি। হঠাৎ এগুলো কেন? আমি কে?"

Samik on BJP Win: হঠাৎ বাড়ি সামনে দেখি পাইলট কার, আমায় স্যালুট করছে, বিজেপি যে জিতেছে তা এখনও ভাবতেই পারছেন না শমীক
শমীক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতিImage Credit source: PTI

May 06, 2026 | 2:43 PM

কলকাতা: এই প্রথম রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। দীর্ঘদিনের লড়াই আন্দোলন কোর্ট-কাছারি আর তারপর ক্ষমতায় তারা। বাংলায় পনেরো বছর পর পালা বদল হয়েছে। তৃণমূলকে (TMC) উৎখাত করে এখন বাংলার মসদনে বিজেপি (BJP)। আর নিজের দলকে এই পর্যায়ে পৌঁছতে যে সমস্ত প্রথম সারির নেতা ছিলেন তাঁর মধ্যে অন্যতম হলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তবে, পদ্মশিবিরের (BJP) প্রথম সারির এই নেতা এখনও ভাবতেই পারছেন না সত্যিই বাংলায় বিজেপি এসে গিয়েছে।

বঙ্গ বিজেপিতে যত পুরনো নেতা রয়েছেন তার মধ্যে অন্যতম শমীক ভট্টাচার্য। বিজেপি আন্দোলন-উত্থান-পতন সবটাই দেখেছেন নিজে। সামলেছেন বহু ঝড়। আজ যখন ক্ষমতায় তাঁরা তখন শমীক বললেন, “রাত দুটোয় ঘুমোতে গিয়েছি। সাংবাদিকরা সকালে উঠিয়ে দিয়েছে। ভালো করে ঘুমোতে পারিনি। আমরা যে ক্ষমতায় এসে গিয়েছি এটাও এখনও আত্মস্থ করতে পারিনি।

বিজেপির রাজ্য সভাপতির কথায়, এখন কার্যত তিনি তারকাদের মতো সুবিধা পাচ্ছেন। শমীক বললেন, “হঠাৎ দেখলাম একটা পাইলট কার বাড়ির সামনে। একজন স্যালুট দিল। আমি তো ব্যাপারটা বুঝতে পারিনি। আমার তো এত এগুলো প্রয়োজন হয়নি। স্কুটিতে চড়ে ঘুরতাম। আমি তো কোনও দিন নিরাপত্তা নিইনি। হঠাৎ এগুলো কেন? আমি কে?” অর্থাৎ, একটা সময় বোঝাতে হত তিনি বিজেপির রাজ্য সভাপতি, আর এখন এই বিপুল জয়ের পর বুঝতেই পারছেন না আসলে কী হচ্ছে তাঁর সঙ্গে। তিনি বলেন, “এটা ভাবতে আশ্চর্য লাগছে। একটা সময় তপনদা স্কুটারের পিছনে বসে মিডিয়ার অফিসে গিয়ছি সেখানে সকালে পাইলট কার পরিবর্তন আনার মতো ব্যাপার।

প্রসঙ্গত, বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন সেই নিয়ে কম জল্পনা চলছে না। সেই তালিকায় শুভেন্দু অধিকারীর নাম যেমন রয়েছে, তেমন রয়েছে শমীক ভট্টাচার্যের নামও। তবে, কে মুখ্যমন্ত্রী হচ্ছেন তা জানা যাবে আগামীতে।

Follow Us