Samik Bhattacharya: ‘দুর্গাপুজো দখল করা যাবে না’, বিজেপি বিধায়কদের আগেভাগে বড় বার্তা দিলেন শমীক

Samik Bhattacharya on Durga Puja Committees: কলেজ স্কোয়ারের পুজোর সভাপতি হওয়া নিয়ে জল্পনা প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, "কলেজ স্কোয়ার অত্যন্ত ঐতিহ্যমণ্ডিত দুর্গাপুজো। সমাজের বহু বরেণ্য মানুষ এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন। ওঁরা আমার কাছে এসেছিলেন। ১৬ তারিখ খুঁটিপুজোয় আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি সেখানে যাব। তবে কোনও দুর্গাপুজোর সভাপতি আমি হব না।"

Samik Bhattacharya: দুর্গাপুজো দখল করা যাবে না, বিজেপি বিধায়কদের আগেভাগে বড় বার্তা দিলেন শমীক
দুর্গাপুজো 'দখল' নিয়ে নেতাদের বার্তা দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 14, 2026 | 6:58 PM

সায়ন্ত ভট্টাটার্য

কলকাতা: এই মন্ত্রীর পুজো। ওই নেতার পুজো। বিভিন্ন দুর্গাপুজো এতদিন এইভাবেই মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছে। রাজ্যে পালাবদলের পর কি সেই ছবি বদলাবে? নাকি একই ধারা বয়ে চলবে? আসন্ন দুর্গাপুজোর আগে এই প্রশ্নই উঠছে। এবার এই নিয়ে দলের নেতা, বিধায়কদের কড়া বার্তা দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। কোনও পুজো ‘দখল’ করা যাবে না বলে জানিয়ে দিলেন। তাঁর স্পষ্ট বার্তা, ‘দুর্গাপুজো সর্বজনের, কোনও রাজনৈতিক দলের নয়।’ তিনি নিজেও কোনও দুর্গাপুজোর সভাপতি হচ্ছেন না বলে জানিয়ে দিলেন।

হঠাৎ দুর্গাপুজো নিয়ে কেন এই বার্তা দিলেন শমীক?

সম্প্রতি জল্পনা ছড়ায়, উত্তর কলকাতার ঐতিহ্যশালী কলেজ স্কোয়ারের পুজোর সভাপতি হতে চলেছেন শমীক ভট্টাচার্য। সোমেন মিত্র থেকে সৌগত রায়, অনেকেই এই ঐতিহ্যশালী পুজোর সভাপতি হয়েছেন। এবার এই পুজোর সভাপতি শমীক হচ্ছেন বলে জল্পনা ছড়ায়। সেই জল্পনাকেই খারিজ করতে গিয়েই দলের নেতাদেরও বার্তা দেন রাজ্য বিজেপির সভাপতি।

এক্স হ্যান্ডলে এক বার্তায় শমীক লেখেন, ‘কলেজ স্কোয়ারের দুর্গাপুজোর সভাপতি আমি হচ্ছি না। শুধু কলেজ স্কোয়ার নয়, রাজ্যের কোনও দুর্গাপুজোর সভাপতি আমি হব না, কিংবা কোনও পুজোর পরিচালনার দায়িত্ব নেব না। একজন বিধায়ক বা মন্ত্রী নিজের এলাকার কোনও পুজো কমিটির সভাপতি হতে পারেন—সেটা তাঁদের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু তার অর্থ এই নয় যে, রাস্তায় বেরিয়ে একের পর এক পুজোর দায়িত্ব রাজনৈতিক ব্যক্তি, বিধায়ক, সাংসদ বা রাজনৈতিক দলের নেতারা নিজেদের হাতে তুলে নেবেন।’

এরপরই তিনি লেখেন, ‘দুর্গাপুজো সর্বজনের, কোনও রাজনৈতিক দলের নয়। পুজো কমিটিগুলির স্বাধীনতা, স্বতন্ত্রতা এবং সর্বজনীন চরিত্র অক্ষুণ্ণ থাকুক—এই বিশ্বাস থেকেই আমাদের এই সিদ্ধান্ত। উৎসবের আনন্দ মানুষের হাতে থাকুক, রাজনীতির দখলে নয়।’

এক্স হ্যান্ডলে একটি অডিয়োও আপলোড করেছেন শমীক ভট্টাচার্য। সেখানে কলেজ স্কোয়ারের পুজোর সভাপতি হওয়া নিয়ে জল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “কলেজ স্কোয়ার অত্যন্ত ঐতিহ্যমণ্ডিত দুর্গাপুজো। সমাজের বহু বরেণ্য মানুষ এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন। ওঁরা আমার কাছে এসেছিলেন। ১৬ তারিখ খুঁটিপুজোয় আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি সেখানে যাব। তবে কোনও দুর্গাপুজোর সভাপতি আমি হব না।” দলের নেতাদের উদ্দেশে বলেন, “আমি বার্তা দিয়েছি, পুজো দখল থেকে বিরত থাকুন। বিধায়কদেরও বলছি, যে এলাকার বিধায়ক হয়েছেন, সেখানকার পুজোর সভাপতি হন। কিন্তু, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রেসিডেন্ট হবেন, সেটা চলবে না।”

বিজেপির কাদের পুজোয় কোনও বাধা নেই?

বিজেপি বিধায়ক সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের কথা উল্লেখ করে শমীক বলেন, “সজল যেমন পুজো করেন, তাঁর পুজো সর্বজনবিদিত। সে সেই পুজোই করবে। সে তো ঝাঁপিয়ে পড়ে কোনও পুজো কমিটি দখল করতে যাচ্ছে না। সেই পুজোর প্রতি আমাদের সমর্থন থাকবে। তেমনই যাঁরা বছরের পর বছর পুজো করে চলেছেন, তাঁরা করবেন। কিন্তু, অতি উৎসাহী হয়ে জনগণের কাজ ছেড়ে, পরিষেবা বন্ধ রেখে দুর্গাপুজো করব, এই প্রচেষ্টা ঠিক নয়। পার্টি নীতিগতভাবে এর বিরোধী।”

Follow Us