BJP Youth Leader Arrested: স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার খোদ বিজেপি নেতা, কী করলেন তিনি?

BJP Youth Leader Arrested in Bidhannagar: তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে প্রশান্ত দেবনাথ বলেন, "ভুয়ো অভিযোগ। ডাক্তারবাবু ভালো তৃণমূলকে নিয়ে চলছেন। আমরা ভারতীয় জনতা পার্টির হয়ে কত কাজ করেছি, বিধাননগরবাসী দেখেছেন। এবং ডাক্তারবাবু তোলাবাজদের নিয়ে এসব করে বেড়াচ্ছেন। আমরা এই অভিযোগের সঙ্গে যুক্ত নই।"

BJP Youth Leader Arrested: স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার খোদ বিজেপি নেতা, কী করলেন তিনি?
ধৃত প্রশান্ত দেবনাথImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Sep 07, 2026 | 8:37 PM

কলকাতা: বিজেপি কর্মীকে প্রাণনাশের হুমকির অভিযোগ বিজেপির যুব নেতার বিরুদ্ধে। পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তারপরই অভিযুক্ত বিজেপির যুব মোর্চার নেতা-সহ ২ জনকে গ্রেফতার করল দক্ষিণ বিধাননগর থানা। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেন ধৃত যুব মোর্চা নেতা প্রশান্ত দেবনাথ। তবে বিজেপি নেতৃত্ব স্পষ্ট করে দিল, বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ উঠলেও পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করবে। 

জানা গিয়েছে, গত ৩০ অগস্ট সন্ধেয় ঘটনাটি ঘটে। বিধাননগর পৌরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ড নাওভাঙা এলাকায় ওইদিন সন্ধে সাড়ে ৭টা নাগাদ পুরানো বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপি কর্মী শিবশঙ্কর মণ্ডল। অভিযোগ, শিবশঙ্কর মণ্ডল সেখান থেকে চলে যাওয়ার পর বিজেপির যুব মোর্চার নেতা প্রশান্ত দেবনাথ, তাঁর বোন শম্পা দেবনাথ দলবল নিয়ে সেখানে পৌঁছে যান। অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাননাশের হুমকি দিতে থাকেন। পাশাপাশি আরও অভিযোগ, শিবশঙ্কর মণ্ডল যাঁদের সঙ্গে দেখা করেছিলেন, তাঁদের প্রশান্ত দেবনাথ হুমকি দেন যে তাঁর বোন শম্পা দেবনাথ কাউন্সিলরের টিকিট পাওয়ার পরে ওই ওয়ার্ডে কীভাবে তাঁরা বসবাস করেন, তা দেখবেন।

এরপরই বিজেপি কর্মী শিবশঙ্কর মণ্ডল স্বাস্থ্যমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগ পুলিশের কাছে পাঠান স্বাস্থ্যমন্ত্রী। পুলিশকে বিষয়টি দেখতে বলেন। অভিযোগের ভিত্তিতে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ প্রশান্ত দেবনাথ এবং বান্টি রাঠোর নামে আরও একজনকে গ্রেফতার করে। ধৃত ২ জনকে সোমবার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।

কী বলছেন ধৃত বিজেপি যুব মোর্চা নেতা?

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে প্রশান্ত দেবনাথ বলেন, “ভুয়ো অভিযোগ। ডাক্তারবাবু ভালো তৃণমূলকে নিয়ে চলছেন। আমরা ভারতীয় জনতা পার্টির হয়ে কত কাজ করেছি, বিধাননগরবাসী দেখেছেন। এবং ডাক্তারবাবু তোলাবাজদের নিয়ে এসব করে বেড়াচ্ছেন। আমরা এই অভিযোগের সঙ্গে যুক্ত নই।”

তবে প্রশান্তর বিরুদ্ধে সরব হয়ে দেবু তাঁতি নামে এক বিজেপি কর্মী বলেন, “বলছে আমি বিরোধী দল করছি। কিন্তু, আমি তো বিজেপি করি। আমার পাশের বাড়িতে থাকেন প্রশান্ত। এর আগেও উনি গ্রেফতার হয়েছেন।”

Loading...
Unable to load recommendations.
Follow Us