Kolkata Airport: মধ্যপ্রাচ্যে রণডঙ্কা! কলকাতায় বাতিল হয়ে গেল পরপর বিমান

Iran Retaliation Shakes Middle East: মোট এই চারটি বিমান বাতিল হয়েছে বলেই জানা গিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ তরফে। একাংশের যাত্রীদের অভিযোগ, সকাল থেকেই সংঘাতে খবর তাঁরা শুনেছেন। কিন্তু বিমান যে বাতিল করে দেওয়া হবে সেই নিয়ে আগাম কোনও মেসেজ বা বার্তা তাঁদের কাছে পৌঁছয়নি।

Kolkata Airport: মধ্যপ্রাচ্যে রণডঙ্কা! কলকাতায় বাতিল হয়ে গেল পরপর বিমান
কলকাতা বিমানবন্দরImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Mar 01, 2026 | 12:00 AM

কলকাতা: নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর বা কলকাতা বিমানবন্দরে পরপর বাতিল বিমান। পশ্চিম এশিয়া তপ্ত হতেই তার প্রভাব পড়ল বাংলাতেও। শনিবার বাতিল হয়ে গেল কাতার ও সৌদি আরবগামী একাধিক বিমান। সংকটের মুখে যাত্রীরা। শিকার হলেন হয়রানি ও দুর্ভোগের।

কোন কোন বিমান বাতিল হল?

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে —

  1. কলকাতা থেকে দুবাইগামী ফ্লাই এমিরেটসের বিমান ইকে ৫৭৩।
  2. কলকাতা থেকে দোহাগামী কাতার এয়ারলাইন্সের বিমান কিউআর ৫৪১।
  3. কলকাতা থেকে আবু ধাবীগামী এয়ার আরবিয়ার বিমান ৩এল ১৬৭।
  4. কলকাতা থেকে আবু ধাবীগামী ইথিয়াদ এয়ার ওয়েসের বিমান ইওয়াই ২২১।

মোট এই চারটি বিমান বাতিল হয়েছে বলেই জানা গিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ তরফে। একাংশের যাত্রীদের অভিযোগ, সকাল থেকেই সংঘাতে খবর তাঁরা শুনেছেন। কিন্তু বিমান যে বাতিল করে দেওয়া হবে সেই নিয়ে আগাম কোনও মেসেজ বা বার্তা তাঁদের কাছে পৌঁছয়নি। সংশ্লিষ্ট বিমান পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির তরফে কোনও বার্তা দেওয়া হয়নি। বিমানবন্দরে পৌঁছে অনির্দিষ্টকালের জন্য হওয়া পরিষেবা বাতিলের কথা জানতে পারেন তাঁরা।

কী কারণে বাতিল হল বিমান?

শনিবার সকালে আচমকাই তেহরানের উপর পরপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজরায়েল। পরবর্তীতে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, সেই হামলাতে তাঁদেরও যোগ রয়েছে। ইরানের পরমাণু প্রকল্পকে কাঠগড়ায় টেনে হামলা যুক্তিযুক্ত বলে দাবি করে দুই পক্ষ। এরপরেই ইজরায়েলে পাল্টা হামলা চালায় ইরান। হামলা চালানো হয় সৌদি আরব, কাতার জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলিতেও। এই সংঘাতের জেরেই স্তব্ধ হয়ে যায় বিমান পরিষেবা। প্রভাব পড়ে বাংলাতেও।