Calcutta High Court: ‘তালিকা মেনেই মামলার শুনানি হবে’, আরও বিপাকে ধর্ষণে অভিযুক্ত বাংলার সেই ক্রিকেটার
Kolkata: তরুণীর দাবি, ক্রিকেটারের সঙ্গে তাঁর সাড়ে তিন বছরের সম্পর্ক ছিল। বছর দেড়েক আগে তাঁদের মধ্যে একবার সমস্যা হলে, তা থানা পর্যন্ত গড়ায়। তবে সেসময় অভিযোগ দায়ের হয়নি। পরে তরুণী মগড়া থানায় অভিযোগ জানিয়ে আসেন। ধর্ষণের অভিযোগ দায়ের করেন। আর তারপরই গ্রেফতার করা হয় তাঁকে।

কলকাতা: গ্রেফতারির বিরুদ্ধে দ্রুত শুনানি চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ বাংলার ক্রিকেটার। ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন তিনি। তারপরই গ্রেফতারির বিরুদ্ধে দ্রুত শুনানির আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিযুক্তের আইনজীবী। তবে সেই শুনানিতে ‘না’ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। আদালতে দ্রুত শুনানির আর্জি জানান তাঁর আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায়।
হাইকোর্টে অভিযুক্ত ওই খেলোয়াড়ের আইনজীবী জানান, ওই মামলায় চার্জশিট পেশ করা হয়ে গিয়েছে। গ্রেফতারের আশঙ্কায় এই মামলা করা হয়েছিল। কিন্তু তার আগেই গ্রেফতার করা হয়। এখন এই আদালতে মামলা বিচারাধীন থাকার কারণে জামিনের আবেদন করা যাচ্ছে না। তারপরই দ্রুত শুনানির আবেদন জানানো হয়। তবে, সেই শুনানির আবেদন নাকচ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তাঁর মন্তব্য, “যেহেতু ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন। আপনি জামিনের জন্য আবেদন করুন। তালিকা মেনেই মামলার শুনানি হবে।”
IPL-এ দিল্লি ক্যাপিটাল দলের নির্ভরযোগ্য কিপার-ব্যাটার এই খেলোয়ার। বাংলার ছেলে। তবে তাঁর বিরুদ্ধেই উঠেছিল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ। তারপরই গ্রেফতার করা হয় সেই বিখ্যাত ক্রিকেটারকে। অভিযোগ, কর্নাটকে ডাক্তারী পড়ুয়া এক তরুণী গত ২৩ জুন মগড়া থানায় গিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
তরুণীর দাবি, ক্রিকেটারের সঙ্গে তাঁর সাড়ে তিন বছরের সম্পর্ক ছিল। বছর দেড়েক আগে তাঁদের মধ্যে একবার সমস্যা হলে, তা থানা পর্যন্ত গড়ায়। তবে সেসময় অভিযোগ দায়ের হয়নি। পরে তরুণী মগড়া থানায় অভিযোগ জানিয়ে আসেন। ধর্ষণের অভিযোগ দায়ের করেন। আর তারপরই গ্রেফতার করা হয় তাঁকে।
