Bike Ban in Kolkata: কতক্ষণ বাইক চালাতে পারবেন না, দ্বিতীয় দফার আগে ফের নতুন নির্দেশ হাইকোর্টের

Calcutta High Court: প্রথম দফার ভোটের ঠিক দু'দিন আগে বাইক নিয়ে বিশেষ নির্দেশিকা দেওয়া হয় কমিশনের তরফে। এর আগে কখনও নির্বাচনে এভাবে বাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়নি। নির্দেশিকায় বলা হয়, ৭২ ঘণ্টা আগে থেকে কোনও বাইক র‌্যালি করা যাবে না। সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত বাইক নিয়ে রাস্তায় বেরনো যাবে না।

Bike Ban in Kolkata: কতক্ষণ বাইক চালাতে পারবেন না, দ্বিতীয় দফার আগে ফের নতুন নির্দেশ হাইকোর্টের
বাইক চলাচল নিয়ে নির্দেশImage Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 27, 2026 | 3:49 PM

কলকাতা: বাইকের বিধিনিষেধ নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশে সামান্য পরিবর্তন করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আজ, সোমবার থেকেই বাইক মিছিল ও একাধিক বাইক নিয়ে চলাফেরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হল। আগামী বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ রয়েছে। তার আগেই বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ নয়া নির্দেশ দিল।

কী ছিল কমিশনের নির্দেশ?

প্রথম দফার ভোটের ঠিক দু’দিন আগে বাইক নিয়ে বিশেষ নির্দেশিকা দেওয়া হয় কমিশনের তরফে। এর আগে কখনও নির্বাচনে এভাবে বাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়নি। নির্দেশিকায় বলা হয়, ৭২ ঘণ্টা আগে থেকে কোনও বাইক র‌্যালি করা যাবে না। সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত বাইক নিয়ে রাস্তায় বেরনো যাবে না। শুধুমাত্র হাসপাতালে যাওয়ার প্রয়োজন, সন্তানকে স্কুল থেকে আনার ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা বলা হয়। প্রয়োজন ছাড়া বাইকের পিছনের আসনেও কাউকে বসানো যাবে না বলে নির্দেশিকায় উল্লেখ করে কমিশন।

নির্দেশ খারিজ করে দেয় হাইকোর্ট

কমিশনের নির্দেশে ৭২ ঘণ্টা আগে থেকে নিষেধাজ্ঞা জারি করা হলেও হাইকোর্টে বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গল বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে ১২ ঘণ্টা ধার্য করে দেয়। অর্থাৎ নির্দেশ ছিল, ভোটের ১২ ঘণ্টা আগে থেকে মোটরবাইকে পিছনে যাত্রী বলা নিষিদ্ধ করা যাবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কমিশন ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়।

ডিভিশন বেঞ্চের নির্দেশ

বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজত কুমার গুপ্ত ডিভিশন বেঞ্চের নির্দেশ, দ্বিতীয় দফার বিধানসভা ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে দল বেঁধে বাইক চালানো যাবে না। তবে বিচারপতি বলেছেন, ‘কেউ যদি বাইক নিয়ে হাওয়া খেতে বেরোতে চান, সে ক্ষেত্রে কোনও বাধা দেওয়া যাবে না।’

Follow Us