High Court on Mahua Moitra: স্বস্তিতে মহুয়া মৈত্র, চাপড়ায় বিক্ষোভের দিনই বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

Mahua Moitra: গত ১ জুলাই নদিয়ায় বিক্ষোভের মুখে পড়েছিলেন মহুয়া মৈত্র। ওই দিন তাঁকে লক্ষ্য করে ডিম, পাথর ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। সম্প্রতি মহুয়া আরও অভিযোগ তোলেন যে, রাতে আচমকা নোটিস পাঠিয়ে গেস্ট হাউস থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে তাঁকে।

High Court on Mahua Moitra: স্বস্তিতে মহুয়া মৈত্র, চাপড়ায় বিক্ষোভের দিনই বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
মহুয়া মৈত্রের মামলাImage Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 01, 2026 | 5:24 PM

কলকাতা: নিজের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে গিয়ে বারবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra)। কখনও ডিম ছোড়া হয়েছে, কখনও স্লোগান দেওয়া হয়েছে। মঙ্গলবারও চাপড়ায় মহুয়া মৈত্রের গাড়ি ঘিরে চলে বিক্ষোভ, কালো পতাকা নিয়ে পথ অবরোধ করা হয়। এদিনই মহুয়াকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

মহুয়াকে নিরাপত্তা দিতে বলল হাইকোর্ট

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, মহুয়া যখনই তাঁর লোকসভা কেন্দ্রে প্রবেশ করবেন, তখন তাঁর সঙ্গে দু’জন পুলিশকর্মী মোতায়েন করতে হবে, যাতে তাঁকে কোনও ভাবে হয়রানি বা সমস্যার মুখে পড়তে না হয়।

তবে এই পুলিশি নিরাপত্তা আগামী ৩০ দিনের জন্যই দেওয়া হবে। আগামী ১ অক্টোবর মামলার পরবর্তী শুনানি। বিচারপতি উল্লেখ করেন, মহুয়া কোন কোন তারিখে নিজের লোকসভা কেন্দ্রে যাবেন, সেই তারিখগুলি আগে থেকে পুলিশকে জানাতে হবে। সেই অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

ডিম, আলু, পাথর ছোড়া হচ্ছে, আদালতে অভিযোগ মহুয়ার

মঙ্গলবার মহুয়া মৈত্রের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, নিজের লোকসভা কেন্দ্রে গেলে বিক্ষোভ দেখানো হচ্ছে। তিনি বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে গোলমাল করা হচ্ছে। ফলে সাংসদ সাধারণ মানুষের কাজ করতে পারছেন না।” আইনজীবী কল্যাণের সওয়াল, “নিজের কেন্দ্রে গেলেই ডিম, আলু, পাথর ছোড়া হচ্ছে। সম্প্রতি তৃণমূল ছেড়ে অন্য দলে গিয়েছেন এমন সাংসদদের নিরাপত্তা দেওয়া হচ্ছে। আর আমাদের উপর আক্রমণ করা হচ্ছে।”

রাজ্যের কঠোরভাবে বিষয়টির মোকাবিলা করা উচিত: বিচারপতি

বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “কোনও সাংসদের উপর আক্রমণ করা উচিত কাজ নয়। রাজ্যের কঠোরভাবে বিষয়টির মোকাবিলা করা উচিত। সাংসদ নিজের এলাকার কাজে যাতে বাধা না পান, তা দেখা উচিত।”

উল্লেখ্য, আজ মঙ্গলবার চোপড়ায় মহুয়া মৈত্রকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।

নদিয়ার চাপড়ায় তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে যোগ দিতে এসে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূলের জেলা সভাপতি ও সাংসদ মহুয়া মৈত্র। অভিযোগ, তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান একদল বিক্ষোভকারী। গাড়ির সামনে কালো পতাকা হাতে শুয়ে পড়ে পথ অবরোধেরও চেষ্টা করা হয়। তবে মহুয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যারা বিক্ষোভ দেখাচ্ছে, তাদের ব্যাপার। আমার কিছু জানা নেই। তাদের প্রশ্ন করুন।”

Loading...
Unable to load recommendations.
Follow Us