
কলকাতা: সিইও দফতরের সামনে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থার মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের নির্দেশ, গত ২৪ ফেব্রুয়ারি সিইও দফতরের সামনে শুভেন্দুকে হেনস্থার অভিযোগ নিয়ে পুলিশকে রিপোর্ট দিতে হবে। পাশাপাশি যারা এই হেনস্থায় অভিযুক্ত, তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে, জানাতে হবে তা-ও।
শুক্রবার শুনানিতে শুভেন্দুর আইনজীবী নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও ঘুরিয়ে প্রশ্ন তোলেন। তাঁর প্রশ্ন, সিইও দফতরের গেটের মুখ বন্ধ করে কী করে বিক্ষোভ দেখানোয় অনুমতি দেয় কমিশন, তা নিয়ে সংশয় রয়েছে। শুভেন্দুর আইনজীবী দাবি জানান, ওই ভবনের ২০০ মিটারের মধ্যে যাতে কোনওরকম বিক্ষোভ, সভা না হয়, সেই ব্যাপারে নির্দেশ দিক আদালত।
অন্যদিকে, শুভেন্দুকে হেনস্থার অভিযোগ নিয়ে রাজ্যের আইনজীবীর বক্তব্য, তাঁরা এই ব্যাপারে রিপোর্ট দিতে চান। কিন্তু ৫ মার্চ পর্যন্ত সময় দেওয়া হোক। দুই পক্ষের বক্তব্য শোনার পর হাইকোর্ট আপাতত বিধানসভার বিরোধী দলনেতার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়ে আগামী শুনানি ৫ মার্চ হবে বলে জানিয়েছে।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি সিইও দফতরে ঢোকার মুখে বাধার সম্মুখীন হন শুভেন্দু। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এমনকি, জুতোও ছোড়া হয়। বিধানসভার বিরোধী দলনেতার অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে থাকলেও কোনও পদক্ষেপ করেনি এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে কলকাতা হাইকোর্ট এর আগেও পুলিশকে জানিয়েছিল, এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এদিন হাইকোর্ট আরও একবার নির্দেশ দিল, বিধানসভার বিরোধী দলনেতার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।