SSC মামলায় চাকরি তো গেলই, ১২ শতাংশ সুদ দিয়ে ফেরাতে হবে বেতন
SSC: সবথেকে বড় কথা, টাকা ফেরাতে হবে বেআইনিভাবে চাকরি প্রাপকদের। সুদ সমেত টাকা ফেরাতে হবে তাঁদের। অর্থাৎ যাঁরা এত বছর বেতন পেয়েছেন, কিন্তু চাকরি পেয়েছেন বেআইনি পথে, সমস্ত টাকা ফেরাতে হবে তাঁদের।

কলকাতা: সব বেআইনি চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এসএসসি মামলায় আজ সোমবার এমনই নির্দেশ দিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। এখনও অবধি যা খবর, ২২ হাজারের কিছু বেশির চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। সবথেকে বড় কথা, টাকা ফেরাতে হবে বেআইনিভাবে চাকরি প্রাপকদের। সুদ সমেত টাকা ফেরাতে হবে তাঁদের। আর তা চার সপ্তাহের মধ্যে। অর্থাৎ যাঁরা এত বছর বেতন পেয়েছেন, কিন্তু চাকরি পেয়েছেন বেআইনি পথে, সমস্ত টাকা ফেরাতে হবে তাঁদের। ঠিক যেমন ববিতা সরকার, অঙ্কিতা অধিকারীদের ক্ষেত্রে হয়েছিল। ওএমআর শিট বিকৃত, প্যানেল বহির্ভূত সব চাকরি বাতিলের নির্দেশ দিল আদালত।
এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম ও একাদশ-দ্বাদশের নিয়োগ সংক্রান্ত শুনানি চলছিল এতদিন। সুপ্রিম কোর্টে বিতর্কিত চাকরি প্রাপকরা মামলা করলে মামলা পাঠানো হয় হাইকোর্টের বিশেষ বেঞ্চে। বিতর্কিত চাকরি প্রাপকদের বিভিন্ন আইনজীবীর মধ্যে অন্যতম ছিলেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
সেই মামলাই সুপ্রিম কোর্ট হয়ে হাইকোর্টের বিশেষ বেঞ্চে আসে। দীর্ঘ সওয়াল জবাব শেষে সোমবার গোটা প্যানেলই বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে কোর্ট জানিয়েছে, ১৫ দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। কীভাবে সেই চাকরি দেওয়া হবে? ২০১৬ সালে যতজন পরীক্ষা দিয়েছিল তাদের ওএমআর শিট আবারও মূল্যায়ণ করা হবে এবার। সেখান থেকে বেছে নেওয়া হবে যোগ্যদের।
মামলাকারীদের তরফে আইনজীবীরা জানান, ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল। সোমা দাস ছাড়া সকলের প্যানেল বাতিল। যতজন মাইনে পেয়েছে চার সপ্তাহের মধ্যে তা ফেরাতে হবে। ডিএমকে নির্দেশ দেওয়া হয়েছে। ডিআই তা ডিএমকে জানাবেন। এই প্যানেলের গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশ সকলকে মাইনে ফেরাতে হবে।
