SRFTI Chaos: ‘আমাদের ক্যাম্পাসে ঢুকে আমাদের জঙ্গি বলছে’, এবার সত্যজিৎ রায় ফিল্ম ইন্সস্টিটিউটে তাণ্ডব
Kolkata News: আরও এক ছাত্র বলেন, "এদের কোনও লজ্জা নেই। এরা আমাদের মারছে। হাত ধরে টেনে বের করে দিয়েছে।" আর এক পড়ুয়া বলেন, "আমাদের ক্যাম্পাসে ঢুকে আমাদের মেরেছে। এটা আমাদের প্রতিষ্ঠান। আমরা এখানে পড়াশোনা করি। ওরা বাইরে থেকে এসে মারছে আর বলছে আমরা জঙ্গি?"

কলকাতা: ঐতিহ্যবাহী ‘সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সস্টিটিউট’-এ রক্তারক্তি কাণ্ড। প্রতিষ্ঠানের হল ভাড়া করে ‘অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত পশ্চিমবঙ্গ প্রান্ত’-র অনুষ্ঠান চলছিল। সেখানেই তুমুল অশান্তি। অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ পড়ুয়াদের বিরুদ্ধে। তারপর দু’পক্ষের বচসা গড়ায় হাতাহাতিতে।
ঠিক কী ঘটেছে?
সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঠিক একই ভাবে বহিরাগতরা তাণ্ডব চালিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। আর এবার SRFTI। প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি হিন্দুত্ববাদী সংগঠন SRFTI-এর অডিটোরিয়ামে অনুষ্ঠানে আয়োজন করেছিল। অভিযোগ, সেই সময় পড়ুয়ারা এসে প্রশ্ন তোলে কেন প্রতিষ্ঠানের ভিতর এই অনুষ্ঠান করা হবে? এই নিয়ে দু’পক্ষের কথাকাটি শুরু হয়। এরপরই তা পৌঁছয় হাতাহাতিতে। উদ্যোক্তাদের অভিযোগ, তাঁদের পোস্টার-ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে। পড়ুয়াদের দাবি, কথা বলার সময় তাঁদের গায়ে হাত তোলা হয়েছে। চড়-থাপ্পরও মারা হয়। শিক্ষকরাও আক্রান্ত।
এক ছাত্রী বলেন, “ওঁরা আমাদের ক্যাম্পাসে ঢুকে দেশবিরোধী, নক্সাল, জঙ্গি বলছে। ছাত্রদের মারছে। মেয়েদের গায়ে হাত তুলছে। ছুরি দিয়ে আঘাত করছে। আমাদের বাংলাদেশি বলছে।” আরও এক ছাত্র বলেন, “এদের কোনও লজ্জা নেই। এরা আমাদের মারছে। হাত ধরে টেনে বের করে দিয়েছে।” আর এক পড়ুয়া বলেন, “আমাদের ক্যাম্পাসে ঢুকে আমাদের মেরেছে। এটা আমাদের প্রতিষ্ঠান। আমরা এখানে পড়াশোনা করি। ওরা বাইরে থেকে এসে মারছে আর বলছে আমরা জঙ্গি?”
এ দিকে ওই সংগঠনের বক্তব্য, প্রতিষ্ঠানের হল তারা টাকা বিনিময়ে ভাড়া নিয়েছেন অনুষ্ঠানের জন্য। নিজেরদের মতোই অনুষ্ঠান করছিলেন। তখনই পড়ুয়ারা হামলা চালায়। সংগঠনের এক সদস্য বলেন, “আমরা টাকা দিয়ে হল বুক করি। হাসপাতালে ইতিমধ্যেই চারজন ভর্তি হয়েছেন। এরা ছাত্র? স্বামী বিবেকানন্দের ছবি ভেঙেছে এরা। সব পড়ুয়ারা নেশাগ্রস্ত ওইখানে।”
