Chetla Agrani Club: ছিলেন প্রশিক্ষক, পুলে চলছিল ট্রেনিং, ৩ সেকেন্ডের মধ্যেই… চেতলা অগ্রণীর ভয়াবহ CCTV ফুটেজ সামনে
Chetla Agrani Club Teen Death: সুইমিং ক্লাবের এক প্রশিক্ষকের সামনেই গোটা ঘটনা ঘটে। তিনি তখন অবশ্য পুলে ছিলেন না। পাশে ছিলেন। তিনি জানান, সেই ব্যাচ হিসাবে ক্লাস চলে। তিনি ঋত্বিকের প্রশিক্ষক ছিলেন না। তিনি বলেন, "এখানে আরেকটা বেবি পুল রয়েছে। ওখানে দু'জন নন সুইমার ছিল।"

কলকাতা: সুইমিং পুলে এক কিশোরের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে চেতলা অগ্রণী ক্লাবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ঋত্বিক চক্রবর্তী (১৭)। সাঁতার কাটতে গিয়েই বুকে ব্যথা। তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে. চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জলের মধ্যে ঋত্বিক যখন অসুস্থ হয়ে পড়ে, সেই মুহূর্তের ফুটেজ সামনে এসেছে।
সুইমিং ক্লাবের এক প্রশিক্ষকের সামনেই গোটা ঘটনা ঘটে। তিনি তখন অবশ্য পুলে ছিলেন না। পাশে ছিলেন। তিনি জানান, সেই ব্যাচ হিসাবে ক্লাস চলে। তিনি ঋত্বিকের প্রশিক্ষক ছিলেন না। তিনি বলেন, “এখানে আরেকটা বেবি পুল রয়েছে। ওখানে দু’জন নন সুইমার ছিল। আমি ওদের দিকেই খেয়াল রেখেছিলাম। বাকি যাঁরা ছিলেন, তাঁরা যারা শিখে গিয়েছিল, তাদের ওপর নজর রাখছিলেন। ওঁরাই দেখে জলের মধ্যে অসুস্থ হয়ে যাচ্ছিল। সে সময়েই ওকে টেনে তোলা হয়।”
ঋত্বিক সাঁতার কাটতে পারত। তবুও কেন এই ধরনের ঘটনা? প্রশিক্ষকের অনুমান, “মনে হয় ব্রিদ হোল্ড করতে গিয়েছিল অর্থাৎ জলের তলায় কে কতক্ষণ দমবন্ধ করে থাকতে পারে, সেটা করতে গিয়েছিল। আর সেটা করতে গিয়েই অসুস্থ হয়ে পড়ে। এটা ট্রেনিংয়ে থাকেও। ৩ সেকেন্ড কাউন্ট করে করানো হয়। এটা ট্রেনারের অনুমতি নিয়েই করতে হয়। ও আগেও করেছে। জিজ্ঞাসা করেই করত। আজকেই করেনি।”
ইতিমধ্যেই ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সে সময়ে পুলে যাঁরা ছিলেন, তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
