
কলকাতা: প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীর হয়ে হাইকোর্টের সওয়াল করতেই দলের কর্মীদের একাংশের ক্ষোভের মুখে পড়তে হয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। যা নিয়ে কম বিতর্ক হচ্ছে না। বাম কর্মীদের অভিযোগ, যে দেবরাজ চক্রবর্তীর গুণ্ডারা এক সময় তাঁদের উপর অত্যাচার করেছেন তাঁদের হয়েই এখন কোর্টে কেন সওয়াল করলেন বর্ষীয়ান এই আইনজীবী? এই সব জল্পনার মধ্যেই এবার নিজের সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত পূর্ণ পোস্ট করলেন বিকাশ ভট্টাচার্যের। বিশ্লেষকদের মতে, বিকাশ ভট্টাচার্য কি তাঁর আইনি লড়াইয়ের পক্ষে সাফাই দিতে চাইলেন?
এ দিন, বাইবেল বিরোধী একটি মামলার বিষয়ে পোস্ট করেছেন বিকাশ। সেখানে তিনি কি বোঝাতে চাইলেন সামাজিক সেন্টিমেন্ট নয়, কোর্ট রুমের যুক্তিটাই খাটে? বিকাশ লিখেছেন, “একজন আমেরিকান আইনজীবীর জীবন কাহিনী । ডেরো,হে মার্কেটের শ্রমিকদের হয়ে মামলা করেছেন। চার্লস ডারউইনের ওরিজিন অব স্পেসিস ঠিক,বাইবেল গল্পকথা, বিজ্ঞান নয় ।” এটি পড়ানোর জন্য এক শিক্ষকের ছাঁটাই হয়। তার হয়ে সেই সময় মামলা লড়েন আইনজীবী ডেরো। বিকাশ লেখেন, “স্কুলে ঐ তত্ত্ব পড়ানোর জন্য ছাঁটাই হওয়া শিক্ষকের হয়ে সওয়াল করে বাইবেলের অসারতা প্রমাণ করেছিলেন। ন্যয় বিচারের স্বার্থে তথাকথিত সমাজিক সেন্টিমেন্টের তোয়াক্কা না করে এক জঘন্য খুনির হয়ে সওয়াল করায় স্বার্থান্বেষী মিডিয়া কীরকম কুৎসার শিকার হয়েছিলেন সেটাও লক্ষ্যনীয়।”
রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়িক অদিতি মুন্সির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন বিজেপির বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর দাবি, নির্বাচনী হলফনামায় অদিতি সঠিক তথ্য দেননি। বিপুল সম্পত্তির হিসাব দেননি। জমি বিক্রির তথ্য উল্লেখ নেই হলফনামায়। অদিতির হয়ে মামলা লড়েছেন বিকাশ। আর তারপরই এত বিতর্ক।