CM Mamata Banerjee: ‘বোসকে কেন সরানো হয়েছে আমি সব জানি’, ধরনা মঞ্চ থেকেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতার

Governor of Bengal: অন্যদিকে মমতার দাবি, বঙ্গভঙ্গের চেষ্টা করছে বিজেপি। কিন্তু তৃণমূল যতক্ষণ আছে ততক্ষণ বাংলার গায়ে কেউ একটাও আছড় কাটতে পারবে না। এদিন ধরনা মঞ্চ থেকে বলেন, “কালকে আমি একটা টুইট দেখলাম। কেউ বলছে বাংলা, বিহার ভাগ করে নাকি কেন্দ্রশাসিত অঞ্চল করবে!”

CM Mamata Banerjee: ‘বোসকে কেন সরানো হয়েছে আমি সব জানি’, ধরনা মঞ্চ থেকেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতার
রাজনৈতিক মহলে গুঞ্জনImage Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Mar 07, 2026 | 1:26 PM

কলকাতা: ‘সিভি আনন্দ বোসকে কেন সরানো হয়েছে আমি সব জানি।’ মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে রাজ্যপাল বদল নিয়ে ফের একবার কেন্দ্রের তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে আক্রমণ শানালেন নয়া রাজ্যপালের বিরুদ্ধেও। খানিক হুঙ্কারের সুরেই স্পষ্ট বললেন, “তামিলনাড়ুতে যা করেছেন করেছেন, বাংলা কিন্তু অন্য।” একযোগে করলেন বেশ কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য। তা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন চাপানউতোর। 

রাজ্যপাল বদল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপের পর তোপ দাগতে গিয়ে মনে করালেন ধনখড় পর্বের কথাও। টেনে আনেন একেবারে মহম্মদ বিন তুঘলককেও। তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “কাউকে মেয়াদ শেষ করতে দিচ্ছে না। ধনখড়কে এখান থেকে নিয়ে গিয়ে উপরাষ্ট্রপতি করা হল। তারপর নজরবন্দি। অজিত পাওয়ারের কেসে বলেছিলাম ভাল করে তদন্ত করা উচিত। দিল্লিতে এখন যাঁরা বসে আছে তাঁরা তো মহম্মদ বিন তুঘলকের জ্যাঠার জ্যাঠামশাই।”  

এরপরই নতুন রাজ্যপালের প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, “সিভি আনন্দ বোসকে কেন সরানো হয়েছে আমি সব জানি। কিন্তু বলব না। ভয় দেখানো হয়েছে, থ্রেট করা হয়েছে। একটু আমি বলতে পারি। অনেকে তো চায় না রাজভবনটা বিজেপির পার্টি অফিস। ওখান থেকে টাকা বিলি হোক। আর যাঁকে নিয়ে এসেছেন তাঁর বিরুদ্ধে আমি যেটা শুনেছি যে তাঁকে সুপ্রিম কোর্টে অনেক কমেন্ট শুনতে হয়েছে যখন তামিলনাড়ুতে ছিলেন। কোনও কাজ করেন না বিজেপি ছাড়া। বিজেপির প্যারেড করা ক্যাডার। তামিলনাড়ুতে যা করেছেন করেছেন, বাংলা কিন্তু অন্য।”  

অন্যদিকে মমতার দাবি, বঙ্গভঙ্গের চেষ্টা করছে বিজেপি। কিন্তু তৃণমূল যতক্ষণ আছে ততক্ষণ বাংলার গায়ে কেউ একটাও আছড় কাটতে পারবে না। এদিন ধরনা মঞ্চ থেকে বলেন, “কালকে আমি একটা টুইট দেখলাম। কেউ বলছে বাংলা, বিহার ভাগ করে নাকি কেন্দ্রশাসিত অঞ্চল করবে! ওদের ধান্দাবাজি হচ্ছে বাংলাকে ভাগ করার। আবার একটা বঙ্গভঙ্গ করার চেষ্টা করছে। বিহারকে একবার ভাগ করেছে। ঝাড়খণ্ড আলাদা করেছে। এবার ফের বিহারকে ভাগ করার চেষ্টা হচ্ছে।”