
কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja 2026) মুখে কলকাতাবাসীর জন্য সুখবর। এবার পুজোর দিনগুলিতে রাতভর মিলবে পানীয় জল। গভীর রাতে কিংবা ভোরবেলায় জল নিয়ে আর সমস্যায় পড়তে হবে না শহরবাসীকে। কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) এলাকায় সারারাত পানীয় জল পরিষেবা চালু রাখার নির্দেশ দিলেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। কলকাতার পুর কমিশনার স্মিতা পাণ্ডেকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
তৃণমূল সরকারের আমলে দুর্গাপুজোর সময় রাতে পানীয় জল পরিষেবা বন্ধ করে রাখা হত বলে অভিযোগ করেছেন অগ্নিমিত্রা পাল। মন্ত্রীর দাবি, বিশেষ করে পুজোর দিনগুলিতে ভোরবেলায় যাঁরা পুজোর আয়োজন করেন, তাঁদের সমস্যায় পড়তে হয়। যাতে মানুষের কোনওরকম সমস্যা না হয়, তার জন্যই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, পুজোর দিনগুলিতে যাতে সারারাত পানীয় জল সরবরাহ চালু থাকে, তা নিশ্চিত করতে হবে কলকাতা পুরসভাকে। সকাল ৬টা পর্যন্ত যাতে পরিষেবা অব্যাহত থাকে, সেই বিষয়ে পুর কমিশনারকে নির্দেশ দিয়েছেন তিনি।
অগ্নিমিত্রা পাল বলেন, “পুজোর সময় সকাল ১১টা থেকে ৬টা পর্যন্ত জল বন্ধ করে দেওয়া হয়েছিল। জল ছিল না। এবার কিন্তু স্মিতাজি আমাদের এই ব্যবস্থা করতে হবে যাতে সারারাত জল খোলা থাকে। সকাল ৬টা অবধিও যেন জল থাকে। কারণ পুজোর সময় অনেকে সকাল বেলায় পুজো দেওয়া, এগুলোতে খুবই অসুবিধা হয়। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর মার্গ দর্শনে যা যা অসুবিধা, আমরা কিন্তু দেখে নিচ্ছি।” অর্থাৎ রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত পানীয় জলের পরিষেবা পাওয়া যাবে।