
কলকাতা: রাজ্যে প্রথম দফার নির্বাচনের আর ১১ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। আর প্রথম দফার ভোটের আগে বুথভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা আপলোড শুরু করল নির্বাচন কমিশন। প্রথম পর্যায়ে প্রথম দফার ১৫২টি আসনের বুথভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা আপলোড করা হচ্ছে।
জাতীয় নির্বাচন কমিশন ও সিইও দফতরের ওয়েবসাইটে ইতিমধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা দেখা যাচ্ছে। এসআইআর-র খসড়া তালিকা প্রকাশের পর কত ভোটার যুক্ত হল, বিচার বিভাগের নিস্পত্তির পর নির্দিষ্ট বুথে কত নাম বাদ গেল? ফর্ম ৬-র মাধ্যমে কত নাম যুক্ত হল? কমিশনের তরফে বুথভিত্তিক তার হিসেব করে বুথভিত্তিক চূড়ান্ত তালিকা প্রকাশ করতে শুরু করল কমিশন। কোনও নির্দিষ্ট বুথে কত জনের নাম বিচার বিভাগ ডিলিট করেছে, তারও তালিকা প্রকাশ করেছে কমিশন।
প্রসঙ্গত, গত বছরের ৪ নভেম্বর রাজ্যে এসআইআর প্রক্রিয়ার জন্য এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়। এরপর গত বছরের ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়। সেখানে প্রায় ৫৮ লক্ষের নাম বাদ যায়। এরপর গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়। সেখানে ৬০ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন তালিকায় ছিল। জুড়িশিয়াল অফিসাররা বিবেচনাধীন ভোটারদের নথি খতিয়ে দেখেন। এরপর দেখা যায়, সবমিলিয়ে বাংলায় প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। নাম বাদ পড়লে ট্রাইবুনালে আবেদনের সুযোগ রয়েছে। ফলে ট্রাইবুনালে আবেদন করেছেন অনেকে।
এখন ট্রাইবুনাল যাঁদের নামের নিষ্পত্তি করবে, তাঁরা কি এবার ভোট দিতে পারবেন? এই নিয়ে গতকালই সুপ্রিম কোর্টে প্রশ্ন ওঠে। সেখানে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, এই নিয়ে তাঁরা আগামী ১৩ এপ্রিল নির্দেশ দেবেন। তারই মধ্যে প্রথম দফার ১৫২টি আসনের বুথভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা আপলোড শুরু করল নির্বাচন কমিশন।