ECI: বিধানসভা নির্বাচনের আগেই বাংলায় আরও একটা ভোট ঘোষণা কমিশনের, কী হতে চলেছে?

Rajya Sabha polls: রাজ্যসভায় বাংলা থেকে পাঁচটি আসনে ভোটগ্রহণ হবে। রাজ্যসভার সাংসদ পদে মেয়াদ শেষ হচ্ছে তৃণমূলের সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সীর। আর মৌসম নুর তৃণমূল ছাড়ার পর চলতি বছরের ৫ জানুয়ারি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন। সেই থেকে তাঁর আসনও খালি রয়েছে। এছাড়া বামফ্রন্টের বিকাশরঞ্জন ভট্টাচার্যের আসন খালি হচ্ছে।

ECI: বিধানসভা নির্বাচনের আগেই বাংলায় আরও একটা ভোট ঘোষণা কমিশনের, কী হতে চলেছে?
ফাইল ফোটো

| Edited By: সঞ্জয় পাইকার

Feb 18, 2026 | 11:26 AM

কলকাতা: দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। তবে এখনও ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। বাংলায় বিধানসভা নির্বাচনের আগে অন্য ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। দেশজুড়ে রাজ্য়সভার ৩৭টি আসনে ভোটের দিনক্ষণ জানাল তারা। ওই ৩৭টি আসনের মধ্যে বাংলা থেকে রাজ্যসভার ৫টি আসনে ভোট হবে।

বুধবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ১০টি রাজ্যের রাজ্যসভার ৩৭টি আসনে ভোটের বিজ্ঞপ্তি জারি হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৫ মার্চ।মনোনয়নপত্রগুলির স্ক্রুটিনি হবে ৬ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ৯ মার্চ। ভোটগ্রহণ হবে ১৬ মার্চ। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ওইদিনই বিকেল ৫টায় ভোটগণনা হবে।

রাজ্যসভায় বাংলা থেকে পাঁচটি আসনে ভোটগ্রহণ হবে। রাজ্যসভার সাংসদ পদে মেয়াদ শেষ হচ্ছে তৃণমূলের সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সীর। আর মৌসম নুর তৃণমূল ছাড়ার পর চলতি বছরের ৫ জানুয়ারি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন। সেই থেকে তাঁর আসনও খালি রয়েছে। এছাড়া বামফ্রন্টের বিকাশরঞ্জন ভট্টাচার্যের আসন খালি হচ্ছে।

রাজ্য়সভার ভোটে বিধায়করা শুধু ভোট দেন। বাংলার বিধানসভায় রাজনৈতিক দলগুলির বর্তমান আসনসংখ্যা অনুসারে রাজ্য়সভার ৪টি আসনে তৃণমূল প্রার্থীদের জয় নিশ্চিত। আর একটি আসন বিজেপির পক্ষে যাবে। ফলে বাংলা থেকে এবার রাজ্যসভায় বামেদের কোনও প্রতিনিধি থাকছে না।

রাজ্যসভায় এবার বাংলা থেকে তৃণমূল কাদের পাঠাবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। একইসঙ্গে বিজেপির প্রার্থী কে হবেন, তা নিয়েও চুলচেরা বিশ্লেষণ চলছে রাজনৈতিক মহলে। বাংলায় বিধানসভা নির্বাচন নিয়ে যখন চাপানউতোর বাড়ছে, তার আগে রাজ্যসভার ৫ আসনে নির্বাচন নিয়ে নিজেদের রণকৌশলে ব্যস্ত তৃণমূল ও বিজেপি। বাংলা থেকে এই ৫ আসনে কারা রাজ্যসভায় যান, সেটাই এখন দেখার।