Central Forces: প্রথম দফার ভোটে আরও কেন্দ্রীয় বাহিনী চাইছে কমিশন, চাহিদা পূরণ হবে তো?

Central Forces: কেবল বাংলা নয়, ছত্তিসগঢ় এবং জম্মু কাশ্মীরেও আরও বাহিনী চাওয়া হয়েছে। সেই দাবি মেটাতে গিয়েই এখন হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম পাঁচ দফায় নির্বাচন রয়েছে কাশ্মীরে। ছত্তিসগঢ়ে নির্বাচন দ্বিতীয় এবং তৃতীয় দফায়।

Central Forces: প্রথম দফার ভোটে আরও কেন্দ্রীয় বাহিনী চাইছে কমিশন, চাহিদা পূরণ হবে তো?
কেন্দ্রীয় বাহিনী। Image Credit source: PTI

| Edited By: জয়দীপ দাস

Apr 06, 2024 | 6:48 PM

কলকাতা: ভোটের দামামা বেজে গিয়েছে। হাতে আর মাত্র ক’টা দিন। ভোটের শুরু হয়ে যাচ্ছে উত্তরবঙ্গ থেকে। ১৯ এপ্রিল ভোট রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। ২৬ এপ্রিল ভোট রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে। এদিকে নির্বাচনের কাজে কমিশনের চাহিদা মতো বাহিনী দিতে গিয়ে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, প্রথম দফা নির্বাচনে এ রাজ্যে আরও কেন্দ্রীয় বাহিনী দেবে কমিশন। ১৭৭ কোম্পানি বাহিনী আছে। প্রতি বুথে বাহিনী দিতে গেলে প্রয়োজন ৩৫০ কোম্পানি বাহিনী। কমিশন সূত্রে খবর, আরও ১০০ কোম্পানি বাহিনী পাঠাতে চায় কমিশন। তবে প্রথম দফাতেই তারা আসবে কি না তা নিয়ে রয়েছে সংশয়। কমিশনের চাহিদা শেষ পর্যন্ত বাহিনী মেটাতে পারে কি বা এখন সেটাই দেখার।

সূত্রের খবর, বাহিনীর অভাব মেটাতে প্রশিক্ষণরত CRPF জওয়ানদের দিয়ে আলাদা একাধিক কোম্পানি তৈরি করা হচ্ছে। এই CRPF জওয়ানদের এখনও ৬ মাস বাকি প্রশিক্ষণ শেষ হতে। এই CRPF কর্মীদের স্ট্যাটিক ডিউটি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ, বিভিন্ন সিআরপিএফ হেডকোয়ার্টার, ব্যাটালিয়ন হেডকোয়ার্টারগুলিতে পাহারার দায়িত্বে যে সিআরপিএফ জওয়ানরা থাকেন তাদের নির্বাচনের কাজে ব্যবহার করা হবে। আর তাঁদের বদলে প্রহরার জন্য মোতায়েন করা হবে প্রশিক্ষণরত বাহিনী।

কেবল বাংলা নয়, ছত্তিসগঢ় এবং জম্মু কাশ্মীরেও আরও বাহিনী চাওয়া হয়েছে। সেই দাবি মেটাতে গিয়েই এখন হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম পাঁচ দফায় নির্বাচন রয়েছে কাশ্মীরে। ছত্তিসগঢ়ে নির্বাচন দ্বিতীয় এবং তৃতীয় দফায়। প্রসঙ্গত, লোকসভা ভোটের আবহে বাংলায় আসার কথা রয়েছে মোট ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর। বিগত কয়েক সপ্তাহ ধরেই দফায় দফায় বাহিনী আসছে বাংলায়। 

Follow Us