
মহার্ঘ ভাতা নিয়ে নতুন কী নির্দেশ দিল নবান্ন?Image Credit source: TV9 Bangla
কলকাতা: ভোটের বাংলায় রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর। ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা (DA) দুই দফায় দেওয়া হচ্ছে না। এক দফাতেই চার বছরের বকেয়া দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন। আগামী ৩১ মার্চ কিংবা তাঁর আগেই বকেয়া এই মহার্ঘ ভাতা পেয়ে যাবেন রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা।
রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র প্রথম কিস্তি ৩১ মার্চের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার গত ১৩ মার্চ জানিয়েছিল, আপাতত ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ দেওয়া হবে। তাও সেটা দুই দফায়।
ওই বিজ্ঞপ্তিই সংশোধন করল নবান্ন। এবার নবান্ন জানিয়ে দিল, রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের ওই চার বছরের বকেয়া মহার্ঘ ভাতা (DA) এক দফাতেই দেওয়া হবে। দু’দফায় নয়। অর্থ দফতরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, ২০১৬ জানুয়ারি থেকে ২০১৯ ডিসেম্বর পর্যন্ত ১০০ শতাংশ বকেয়া ৩১ মার্চের মধ্যে দেওয়া হবে।
আগে পরিকল্পনা ছিল, দু’দফায় মার্চ ও সেপ্টেম্বরে ওই চার বছরের বকেয়া ডিএ দেওয়া হবে। তা নিয়ে নানা প্রশ্ন উঠছিল। তারপর সিদ্ধান্ত বদল করল নবান্ন। শুক্রবার থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। আগামী দু’দিনের মধ্যে সব প্রাপকের অ্যাকাউন্টে বকেয়া ডিএ পৌঁছে যাবে। চতুর্থ শ্রেণির কর্মী, অবসরপ্রাপ্ত ও পারিবারিক পেনশনভোগীরা টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। অন্য কর্মীদের প্রাপ্য টাকা GPF অ্যাকাউন্টে জমা হবে। GPF-এ জমা টাকা ২ বছর তোলা যাবে না। তবে কোনও কর্মী যদি এই সময়ের মধ্যে অবসর নেন, চাকরি ছাড়েন বা মৃত্যু হয়, তাহলে টাকা সঙ্গে সঙ্গে তোলা যাবে। অবসরপ্রাপ্ত কর্মীদের টাকা পেনশন অ্যাকাউন্টে সরাসরি জমা হবে। পারিবারিক পেনশনভোগীরাও একই সুবিধা পাবেন।