Mamata Banerjee: ‘আগেই আমরা অন্ধ বিরোধিতা করব না’, বাজেট নিয়ে সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee on Budget: গতকালই বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বাজেট নিয়ে বার্তা দিয়েছেন বলে জানা গিয়েছে। এই বিষয়ে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, "সবে সরকার এসছে। তাই আমরা সরকারকে সময় দেওয়ার পক্ষে। প্রথমেই সরকার যা বলবেন, তার নেতিবাচক দিক তুলে ধরে সমালোচনা উচিতও না।"

কলকাতা: বাজেটের (West Bengal Budget 2026) অন্ধ বিরোধিতা নয়। কালীঘাটের বৈঠকে বিধায়কদের এমনই বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (EX CM Mamata Banerjee)। সূত্রের খবর, বৈঠকে তৃণমূল নেত্রী জানিয়েছেন, একটা সরকার সবে এসেছে। তাদের প্রথম বাজেট। তাই সময় দিতে হবে। কেন্দ্রের কাছ থেকে কেন্দ্রীয় সরকার কী কী আনতে পারে সেটা দেখতে হবে। পরে আলোচনার সময় কিছু বলার থাকলে সুযোগ মিলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে কেন্দ্র করে জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহল বলছে, ভোটে ভরাডুবির পর বাজেট বিরোধিতায় বাড়তি সতর্ক তৃণমূল নেত্রী। জল মেপেই কি বিরোধিতায় কৌশলী মমতা বন্দ্যোপাধ্যায়?
সংযত থাকার বার্তা মমতার
গতকালই বিধায়কদের নিয়ে কালীঘাটে বৈঠকে বসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বাজেট নিয়ে দলকে সংযত থাকার বার্তা দিয়েছেন বলে জানা গিয়েছে। এই বিষয়ে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, “সবে সরকার এসছে। তাই আমরা সরকারকে সময় দেওয়ার পক্ষে। প্রথমেই সরকার যা বলবেন, তার নেতিবাচক দিক তুলে ধরে সমালোচনা উচিতও না। আর মানুষও তা ভালোভাবে নেবেন না। ইতিমধ্যেই মানুষ নিজের অভিজ্ঞতা থেকে অনুভব করতে শুরু করেছেন অল্প সময়ে।”
তবে, তাঁরা আশা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি প্রকল্পগুলোকে রাখবে নতুন সরকার। এই বিষয়ে কুণাল ঘোষ বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিপুল পরিকাঠামোর কাজ শুরু করে গিয়েছিলেন, তা সরকার অব্যাহত রাখবেন। দ্বিতীয় যতগুলি সামাজিক স্কিম ছিল, সেগুলি অটুট থাকবে। এতগুলি মানুষ যে উপকারগুলি পেতেন, তা নানা কারণ না দেখিয়ে যেন বন্ধ না করে দেওয়া হয়।”
