Nirmal Ghosh Arrest: পুরীর বিলাসবহুল হোটেল থেকে গ্রেফতার নির্মল ঘোষ, তিলোত্তমার দেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ায় অভিযুক্ত প্রাক্তন বিধায়ক

RG Kar Case: তিলোত্তমা-কাণ্ডে নতুন করে নাম জড়াল নির্মল ঘোষ সহ তিনজনের। আরজি কর-কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের দেহ দ্রুত পুড়িয়ে দেওয়া হয় তাঁরই নির্দেশে, এমনই অভিযোগ ওঠে। নির্মল তখন ছিলেন পানিহাটির বিধায়ক। সম্প্রতি নতুন করে অভিযোগ দায়ের হয়।

Nirmal Ghosh Arrest: পুরীর বিলাসবহুল হোটেল থেকে গ্রেফতার নির্মল ঘোষ, তিলোত্তমার দেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ায় অভিযুক্ত প্রাক্তন বিধায়ক
নির্মল ঘোষImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 13, 2026 | 2:05 PM

কলকাতা: পুরী থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ (Nirmal Ghosh)। তিলোত্তমার মৃতদেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে নির্মল ঘোষের বিরুদ্ধে। দু’বছর পর নতুন করে অভিযোগ দায়ের হয় তাঁর বিরুদ্ধে। তিলোত্তমার পরিবারের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তাঁকে ওড়িশার পুরী থেকে গ্রেফতার করা হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে নিয়ে আসা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

গত ৯ অগস্ট, তিলোত্তমার মৃত্যুর দু’বছর পর নতুন করে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১০ অগস্ট লিখিত অভিযোগ দায়ের করেন তিলোত্তমার বাবা। এরপরই গ্রেফতার করা হল নির্মলকে। শুধুমাত্র নির্মল নন, প্রাক্তন কাউন্সিলর সোমনাথ দে ও সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের তিনদিনের মধ্যেই গ্রেফতার করা হল নির্মলকে।

২০২৪-এর ৯ অগস্ট রাতে আরজি কর-কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের দেহ যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, তখন অন্যান্য দেহের আগে তিলোত্তমার দ্রুত দাহ করা হয় নির্মলের নির্দেশে, এমনই অভিযোগ ওঠে। নির্মল তখন ছিলেন পানিহাটির বিধায়ক। আরও অভিযোগ, শ্মশানের নথিতে সে দিন তিলোত্তমার পরিবারের সদস্যদের সই করতে দেওয়া হয়নি। সই করেছিলেন নির্মলরাই।

গত বিধানসভা নির্বাচনে নির্মলকে টিকিট দেয়নি তৃণমূল। টিকিট পেয়েছিলেন তাঁর ছেলে তীর্থঙ্কর। পরাজিত হন তিনি। ভোটের পর থেকে নির্মল ও তীর্থঙ্করের দেখা পাওয়া যাচ্ছিল না। পরে ঋতব্রত-শিবিরের একটি বৈঠকে আচমকা হাজির হতে দেখা যায় নির্মল ঘোষকে। পরে জানা যায়, নির্মল ঘোষকে আমন্ত্রণই জানানো হয়নি।

তিলোত্তমার স্মরণসভায় ব্যারাকপুরের দিকে তাকিয়ে শুভেন্দু বলেছিলেন, “দয়া করে নতুন কেস চালু করুন। দ্রুত অ্যকশন নিন। আমার যা করার আছে করব। অভয়াকে ভুলিনি। মানুষ জিতিয়েছেন এই কেসের বিচারের জন্য। আমি কমিটেড।” এরপরই গ্রেফতার হলেন নির্মল।

Loading...
Unable to load recommendations.
Follow Us