
কলকাতা: নয়া দিল্লি থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerhee) যখন ভিডিয়ো ক্লিপ দেখাচ্ছেন, সেই সময় আবার কলকাতা থেকে জরুরী ভিত্তিতে দিল্লি রওনা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন দিল্লি যাচ্ছেন তিনি? মমতা জানিয়েছেন ইন্ডি জোটের বৈঠকে যোগ দেওয়ার জন্যই সেখানে যাচ্ছেন। তবে, ঠিক কী কারণে ডেকে পাঠানো হয়েছে তা তিনি এখনও জানেন না।
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি প্রথমে যেতেন না। তবে, বারেবারে ফোন করে ডেকে পাঠানো হয়েছে তাঁকে। বলেন, “আমায় বারবার করে ফোন করছেন সিনিয়ন লিডাররা। ওরা চাটার্ড ফ্লাইটের ব্যবহার করেছিল। কিন্তু এয়ার ইন্ডিয়া ফ্লাইটেই যাব। কেন ডাকা হল সেটা না জেনে বলতে পারছি না। যেটুকু জানি বলে দিলাম।”
দিল্লি যাওয়ার আগে তৃণমূল ভবন দেখে রাখার কথা বলেছেন তৃণমূল নেত্রী। বলেন, “কলকাতা কর্পোরেশন নোটিস টাঙিয়েছে তৃণমূল ভবনে। তিন বছর ধরে কাজ চলছে সেখানে। ওখানে আমাদের ছেলেরা মিটিং করত, বসত। আমি ভেবেছিলাম এখানে প্রেশার পড়ছে, আধাআধি ভাগ করে দিয়েছিলাম।”
এ দিকে, সংবিধান সংশোধনী বিল পেশ নিয়ে সরগরম রাজধানী। পাশপাশি মহিলা সংরক্ষণ বিল পাশে আরও এক ধাপ এগোল কেন্দ্র। সংশোধিত প্রস্তাবে প্রত্যেক রাজ্যেই ৫০ শতাংশ লোকসভা আসন বাড়বে। এবং ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতেই তা হবে। ২০৫১ সাল পর্যন্ত বিভিন্ন রাজ্যের মধ্যে আসন বণ্টনের অনুপাত অপরিবর্তিত রাখা হবে। এই বিল নিয়ে যখন কেন্দ্র এগোচ্ছে, সেই সময় জরুরি ভিত্তিতে বৈঠক ডাকল ইন্ডি জোট। আর তাতেই ডেকে পাঠানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।