
সুদীপ্ত কংস বণিকের ইনপুট
কলকাতা: সামনেই রাজ্যসভার উপ-নির্বাচন। তার আগেই বিরাট চমক। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন তিন সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy), সুস্মিতা দেব (Sushmita Dev) ও প্রকাশ চিক বরাইক (Prakash Chik Baraik) যোগ দিলেন বিজেপি (BJP)-তে। আজ, ৯ জুলাই রাজ্য বিজেপির সদর দফতরে যান তাঁরা। সেখানে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগ দেন। বিজেপির পতাকা হাতে তুলে নেন।
তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ ইস্তফা দেওয়ায় যে শূন্যপদ তৈরি হয়েছে, সেই আসনেই নির্বাচন হবে আগামী ২৪ জুলাই। এর মধ্যেই আজ বিরাট চমক। একদিকে বিজেপির অফিসে হাজির তৃণমূলের প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বরাইক ও সুস্মিতা দেব। তারা বিজেপিতে যোগ দিলেন। অন্যদিকে, নবান্নে হাজির সদ্য তৃণমূল থেকে এনসিপিআই-তে মিশে যাওয়া সাংসদ ইউসূফ পাঠান ও শতাব্দী রায়। এসেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। কী হয়, তা নিয়েই জোর জল্পনা।
রাজ্যসভায় বিজেপির প্রার্থী কারা হবেন, তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা-গুঞ্জন চলছিল। এর মাঝে তৃণমূল ছেড়ে চলে আসা তিন প্রাক্তন সাংসদই বিজেপিতে যোগ দিলেন। এই তিনজনই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ায় উপনির্বাচন হচ্ছে।
অন্যদিকে, ইউসূফ পাঠান ও শতাব্দী রায়ের নবান্নে আসা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। ক’দিন আগেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন। এরপরই আজ নবান্নে হাজির প্রসেনজিৎ। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করবেন বলেই শোনা যাচ্ছে।