
কলকাতা: জন্মদিনের রাতে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির সামনে সংঘর্ষ। তৃণমূল বনাম বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র বাদানুবাদ, ধস্তাধস্তির অভিযোগ। এরপর বাড়ির সামনে ধরনায় বসেন অভিষেক। শনিবার সকাল হতেই ডায়মন্ড হারবারের সাংসদের বাড়িতে পৌঁছে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে বিজেপিকে একহাত নিলেন তিনি। একই সঙ্গে বুলডোজারের প্রসঙ্গ টানেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ক্ষুব্ধ মমতা বলেন, “আমার শরীরের উপর দিয়ে বুলডোজার চালাও…।” কিন্তু বুলডোজারের প্রসঙ্গ কোথা থেকে এল? তার উত্তর নেই। এখানেই শেষ নয়, দরকারে তিনি সুপ্রিম কোর্টে যাবেন বলেও মন্তব্য করেছেন।
মমতা কী বলেছেন?
পুলিশ এবং বিজেপিকে একযোগে পাশে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার ঘরে পুজো হয়। আমাদের পাড়ায় যে ক্লাব আছে, সেই ক্লাবকে কালকে রাতে কাজ করতে দেয়নি। এখন রোডের উপরে পুজো হচ্ছে। এটা বেআইনি। এখানে বেআইনিভাবে অনুমতি দেওয়া হয়েছে। আগে এই পুজো ভিতরে হত। এখন রাস্তার মোড়ে করছে। যাতে আমার পুজোয় কেউ না আসে। জোর জুলুম চলছে। হামারা বুক ম্যায়, হামারা শরীর ম্যায় বুলডোজার চালাও। আমার বুকে বুলডোজার চালাও।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, রাতের বেলা যখন সকলে ঘুমোচ্ছে সেই সময় বিজেপির একদল দুষ্কৃতী এসে হামলা করে। তিনি বলেন, “জনতাকে বলছি, রাত ৩টের সময় লুম্পেন নিয়ে এসে কেন কালীপুজোকে আক্রমণ করছ? আমাদের কাজ কে কেন ডিসটার্ব করছ? এটা পটুয়া পাড়া। ২টোর সময় অনেক মা কালীর প্রতিমা এখান থেকে যায়। আপনারা কেন ঝামেলা করছেন?”
তিনি আরও বলেন, “আমার বাড়ির মোড়ে পুজো হয় না। সামনের রাস্তায় রেখেছে। লোকজন ঢুকবে কী করে? আমার পাড়ায় পাঁচ-ছ’টা পুজো হয়। এত পুলিশের এখানে কী দরকার? কালীঘাট থানার ওসিকে যখন অভিষেক বলছে, পুলিশ খারাপ ব্যবহার করছে। কিন্তু যখন লক্ষ্মণ রেখা ছাড়িয়ে যায়, তখন প্রয়োজনে আমি নিজে সুপ্রিম কোর্টে দাঁড়াব। কয়েকটি থানা…যা করছে…আমি সব জানি বলয়বাবু… আপনার কত ক্ষমতা, কত প্রোমোশন পাবেন। আপনার পরিবার ভালো থাকুক সুস্থ থাকুক। কিন্তু জনরোষের বিস্ফোরণ ঘটলে কিন্তু…সব মেয়েদের এগিয়ে আসতে বলব।”