Weather Latest News: মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিতে ভাসবে বাংলার ৫ জেলা
Bengal Weather News: মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং,কালিম্পং,আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের সব জেলায়। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।

কলকাতা: উত্তরবঙ্গে বৃষ্টি হয়েই চলেছে। আর দক্ষিণে প্রবল অস্বস্তিকর গরম। আবহাওয়া অফিস বলছে,আগামী রবিবার পর্যন্ত গরম এবং অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলেও স্বস্তি মিলবে না। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত।
আবহাওয়া অফিস বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অন্যদিকে, পশ্চিম বিহারে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। জোড়া ঘূর্ণাবর্তে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
আবহাওয়া অফিস বলছে,গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও স্বস্তি মিলবে না। গরম ও অস্বস্তিকর আবহাওয়া সব থেকে বেশি থাকবে বাঁকুড়া-পুরুলিয়া-পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান-বীরভূমে। কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বেশি হবে। উপকূলের জেলাগুলিতে জলীয় বাষ্প বেশি থাকায় এই সমস্যা অনেক বেশি অনুভূত হবে। কলকাতায় ৩৬ থেকে ৩৭ ডিগ্রি এবং পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যাবে পারদ।
বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া থাকতে পারে। বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা সামান্য সময়ের জন্য। বীরভূম-মুর্শিদাবাদ-নদিয়া-পূর্ব পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া-বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৪ থেকে ৯৫ শতাংশ।
উত্তরবঙ্গের তাপমাত্রা কেমন থাকবে?
বৃহস্পতিবার থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। শুক্র-শনি-রবি এই তিন দিন অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি,আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু অংশে।
মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং,কালিম্পং,আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের সব জেলায়। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
