C V Ananda Bose: কে হবেন পরবর্তী রাজ্যপাল? জানিয়ে দিয়েছেন অমিত শাহ, স্তম্ভিত মমতা

ভোটের মুখে বোসের এই পদত্যাগ কার্যত অবাক করার মতো বিষয়। শুক্রবারই একটি প্রদর্শনীর উদ্বোধনে উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল সি ভি আনন্দ বোসের। তার আগে আচমকাই এদিন দিল্লি যান তিনি। সেখানেই পদত্যাগপত্র জমা দেন। কারণটা এখনও স্পষ্ট নয়। ভোটের আগে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

C V Ananda Bose: কে হবেন পরবর্তী রাজ্যপাল? জানিয়ে দিয়েছেন অমিত শাহ, স্তম্ভিত মমতা
Image Credit source: TV9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Mar 05, 2026 | 9:50 PM

কলকাতা: ভোটের আগে রাজ্য রাজনীতিতে বড় আপডেট। দিল্লি গিয়ে পদত্যাগ করেছেন সি ভি আনন্দ বোস। বিধানসভা নির্বাচনের মুখে বাংলায় নয়া রাজ্যপাল। তবে কে হবেন রাজ্যপাল, তা নিয়ে কোনও আলোচনাই করা হয়নি বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র নতুন রাজ্যপালের নামটা তাঁকে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রাজ্যপাল পদত্যাগ করার পর এক্স মাধ্যমে একটি পোস্ট করে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের হঠাৎ পদত্যাগের খবর আমাকে অত্যন্ত বিস্মিত করেছে। আমি গভীরভাবে উদ্বিগ্ন। তাঁর পদত্যাগের প্রকৃত কারণ আমার জানা নেই।” মুখ্যমন্ত্রীর আশঙ্কা, বর্তমান পরিস্থিতিতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কোনও রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে কোনও চাপ দেওয়া হয়ে থাকতে পারে সিভি আনন্দ বোসকে।

সেইসঙ্গে মমতা জানান কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে জানিয়েছেন যে আর এন রবিকে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হচ্ছে। কিন্তু এই বিষয়ে সাংবিধানিক রীতি অনুযায়ী কোনও পরামর্শ করা হয়নি বলে অভিযোগ মমতার। তিনি বলেন, “এই ধরনের পদক্ষেপ ভারতের সংবিধানের চেতনাকে ক্ষুণ্ণ করে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তিকে দুর্বল করে দেয়।”

ভোটের মুখে বোসের এই পদত্যাগ কার্যত অবাক করার মতো বিষয়। শুক্রবারই দার্জিলিংয়ের রাজভবনে একটি প্রদর্শনীর উদ্বোধনে যাওয়ার কথা ছিল সি ভি আনন্দ বোসের। উপস্থিত থাকার কথা রাষ্ট্রপতিরও। তার আগে আচমকাই এদিন দিল্লি যান তিনি। সেখানেই পদত্যাগপত্র জমা দেন। কারণটা এখনও স্পষ্ট নয়। ভোটের আগে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ।